মাইক্রোএন্টারপ্রাইজ ও সৌরবিদ্যুতে ৭ হাজার ২৪৫ কোটি টাকার অর্থায়ন করবে পিকেএসএফ

ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি, নবায়নযোগ্য জ্বালানির প্রসার এবং অতিদরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে মোট ৭ হাজার ২৪৫ কোটি টাকার অর্থায়নের উদ্যোগ নিয়েছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। এর মধ্যে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সম্প্রসারণে থাকছে ৫০০ কোটি টাকা। স্যানিটেশন খাতও এই অর্থায়নের আওতায় থাকবে।

পিকেএসএফ ভবন-১-এ সংস্থাটির পরিচালনা পর্ষদের সভায় এসব কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন পিকেএসএফের চেয়ারম্যান জাকির আহমেদ খান। ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের ও পর্ষদের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে কুটির ও মাইক্রোএন্টারপ্রাইজ খাতে নতুন উদ্যোক্তা তৈরির জন্য ৫ হাজার কোটি টাকার ঋণ অনুমোদন করা হয়। এই অর্থ ব্যবহার হবে প্রযুক্তিনির্ভর কৃষি, কৃষি প্রক্রিয়াজাতকরণ, ম্যানুফ্যাকচারিং, সেবা খাত এবং বিভিন্ন ভ্যালু চেইনভিত্তিক কাজে। স্বল্প আয়ের মানুষের দক্ষতা ও উৎপাদন সক্ষমতা কাজে লাগিয়ে নতুন উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টি করাই এর লক্ষ্য।

ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়াতে সরকার ৫০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। এর ভিত্তিতে পিকেএসএফ আলাদা একটি অর্থায়ন কার্যক্রম হাতে নিয়েছে। এই কার্যক্রমের আওতায় ‘সৌরশক্তি’ নামে একটি বিশেষ ঋণ নীতিমালা অনুমোদন করেছে পর্ষদ। নীতিমালা অনুযায়ী সহযোগী সংস্থার মাধ্যমে গ্রাহকেরা ৬ শতাংশ সুদে ঋণ পাবেন।

এ ছাড়া সহযোগী সংস্থাগুলোর অনুকূলে প্রায় ২ হাজার কোটি টাকার ঋণ অনুমোদন করা হয়েছে। এই অর্থ যাবে ক্লাস্টারভিত্তিক মাইক্রোএন্টারপ্রাইজ, সাধারণ সেবা, অতিদরিদ্র জনগোষ্ঠী ও কৃষিসহ নানা খাতে।

ফেসবুকে যুক্ত থাকুন