এনজিও ঋণের সুদ কমাতে উদ্যোগ নেওয়ার আশ্বাস রাষ্ট্রপতির

এনজিও ঋণের সুদ কমানোর বিষয়ে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে কৃষকদের সম্মান ও উৎসাহ দিতে ‘রাষ্ট্রপতি কৃষি পুরস্কার’ চালুর উদ্যোগও নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

২৭ সেপ্টেম্বর রোববার বঙ্গভবনে সৌজন্য সাক্ষাতে গেলে রাষ্ট্রপতি এসব কথা বলেন। বাংলাদেশ কৃষক সমিতির সভাপতি মো. সিদ্দিকুর রহমান কুল ময়েজের নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধিদল এ সময় তাঁর সঙ্গে দেখা করে।

সাক্ষাতে কৃষক সমিতির পক্ষ থেকে কৃষিপণ্যের ন্যায্যমূল্য, বিনা সুদে ঋণ, কৃষক দিবস ও জাতীয় পুরস্কার চালু, শস্যবিমা, স্থানীয় আইনশৃঙ্খলা কমিটিতে কৃষকদের প্রতিনিধিত্ব এবং কৃষি উপকরণ সহজলভ্য করার দাবি তুলে ধরা হয়। এসব প্রস্তাবের প্রেক্ষাপটে রাষ্ট্রপতি এনজিও ঋণের সুদ কমানোর বিষয়ে উদ্যোগ নেওয়ার কথা জানান। তবে কীভাবে ও কত দিনের মধ্যে এই উদ্যোগ নেওয়া হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট কিছু জানা যায়নি।

কৃষকদের উন্নয়নে নতুন একটি স্কিমে ইতিমধ্যে তিন হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানান রাষ্ট্রপতি। সহজ শর্তে কম সুদে ঋণ, কৃষিপণ্য রপ্তানি, প্রক্রিয়াজাত শিল্প, আধুনিক হিমাগার এবং খামারে সৌরবিদ্যুৎ ব্যবহারেও তিনি গুরুত্ব দেন।

রাষ্ট্রপতি বলেন, কৃষকেরাই দেশ গড়ার যোদ্ধা। তাঁদের শ্রম, উচ্চফলনশীল নতুন জাত ও আধুনিক প্রযুক্তির ব্যবহারে ফসলের উৎপাদন বহুগুণ বেড়েছে। কৃষকদের তিনি দেশের ‘আসল ও শ্রেষ্ঠ মানুষ’ বলেও অভিহিত করেন। দুর্নীতিতে না জড়িয়ে কৃষকেরা সমাজ ও রাষ্ট্রের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বলেও তিনি মন্তব্য করেন।

কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে কার্যকর বিপণনব্যবস্থা গড়ে তোলার ওপরও জোর দেন রাষ্ট্রপতি। কৃষকদের স্বার্থে দল-মত-পথের ঊর্ধ্বে উঠে একটি জাতীয় কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বানও জানান তিনি।

ফেসবুকে যুক্ত থাকুন