স্বপ্ন দেখতে শেখা এবং সেই স্বপ্নকে দক্ষতায় রূপ দেওয়ার লক্ষ্যে বরগুনায় অনুষ্ঠিত হয়েছে Recovery and Advancement of Informal Sector Employment (RAISE) প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) বরগুনায় সংগ্রাম সম্মেলন কক্ষে পিকেএসএফ-এর কারিগরি ও আর্থিক সহযোগিতায় সংগ্রামের আয়োজনে ১৬টি ট্রেডে শিক্ষানবিশ নির্বাচনের লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে পিকেএসএফ-এর রেইস প্রকল্পের উপ-প্রকল্প সমন্বয়কারী এস এম খালেদ মাহফুজ বলেন, “তরুণ উদ্যোক্তাদের দক্ষতাকে সঠিকভাবে কাজে লাগালেই জীবনমান উন্নয়ন সম্ভব।” তিনি তরুণ উদ্যোক্তা তৈরিতে সরকারি-বেসরকারি সংস্থার সম্মিলিত সহযোগিতার ওপরও গুরুত্ব আরোপ করেন।
সংগ্রামের নির্বাহী পরিচালক চৌধূরী মুনীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংগ্রামের প্রতিষ্ঠাতা চৌধূরী মোহাম্মদ মাসুম, কার্যনির্বাহী পরিষদের সভাপতি অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মোঃ হাফিজুর রহমান, বরগুনা টিটিসির অধ্যক্ষ এস এম সুলতান মাহমুদ এবং যুব উন্নয়ন অধিদপ্তর বরগুনার উপপরিচালক মোঃ জাকির হোসেন।
বরগুনা সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত তরুণ-তরুণীরা এদিন ট্রেড পরীক্ষায় অংশ নেন। বাছাইয়ের মাধ্যমে নির্বাচিতরা ছয় মাসের প্রশিক্ষণ পাবেন। প্রশিক্ষণ শেষে তাঁদের জন্য শিক্ষাবৃত্তি, কর্মসংস্থান এবং স্বল্প সুদে ঋণের ব্যবস্থা থাকবে, যা তাঁদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সহায়ক হবে।
আয়োজকরা মনে করেন, দক্ষ তরুণরাই গড়ে তুলবেন স্বনির্ভর সমাজ। এমন উদ্যোগে সবাইকে পাশে থাকার আহ্বান জানানো হয়।
ত/জু



