রোহিঙ্গা শিবিরে ঢাল রক্ষায় জীবিকার সুযোগ

ঝুঁকিপূর্ণ ঢাল রক্ষার পাশাপাশি রোহিঙ্গা শরণার্থী সম্প্রদায়ের দক্ষতা, জীবিকা ও নেতৃত্ব বিকাশেও বিনিয়োগ করছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)।

বাংলাদেশ হিউম্যানিটারিয়ান ফান্ডের (বিএইচএফ) সহায়তায় পরিচালিত এফএওর প্রকৃতিভিত্তিক সমাধান উদ্যোগের মাধ্যমে ১ হাজার ৮০০-র বেশি রোহিঙ্গা শরণার্থী ভূমিধস ঝুঁকি হ্রাস কার্যক্রমে যুক্ত হয়েছেন। এতে ৬০ হাজারের বেশি কর্মসংস্থান তৈরি হয়েছে এবং ঝুঁকিপূর্ণ পরিবারগুলো গুরুত্বপূর্ণ আয়ের সহায়তা পেয়েছে।

উদ্যোগটি শুধু মজুরিতে সীমাবদ্ধ নয়। ১ হাজারের বেশি উপকারভোগী বায়োইঞ্জিনিয়ারিং কৌশল, নার্সারি ব্যবস্থাপনা ও পরিবেশগত সুরক্ষা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ পেয়েছেন। এর ফলে তাঁরা সহনশীল ঢাল নির্মাণ ও রক্ষণাবেক্ষণ, ক্ষতিগ্রস্ত বাস্তুতন্ত্র পুনরুদ্ধার এবং নিরাপদ সম্প্রদায় গড়ে তোলার ব্যবহারিক দক্ষতা অর্জন করেছেন।

ঝুঁকিপূর্ণ সম্প্রদায়ের সদস্যদের দক্ষ পরিবেশ-রক্ষক হিসেবে গড়ে তোলার মাধ্যমে এই উদ্যোগ স্থানীয় মালিকানার অনুভূতি জাগিয়ে তুলছে, মর্যাদাপূর্ণ জীবিকার সুযোগ তৈরি করছে এবং রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলোর দীর্ঘমেয়াদি সহনশীলতা জোরদার করছে।

আয়োজকদের মতে, সহনশীল সম্প্রদায় শুধু অবকাঠামো দিয়ে গড়ে ওঠে না; জ্ঞান, সুযোগ ও মানুষও এর অপরিহার্য অংশ।

ত/জু

ফেসবুকে যুক্ত থাকুন