ফরিদপুরে মাঠে শিখলেন ৩০ কৃষক

কম খরচে, পরিবেশবান্ধব উপায়ে অধিক ও নিরাপদ ফসল উৎপাদনের কৌশল হাতে-কলমে শেখাতে এসডিসি SMART সবজি প্রকল্পের উদ্যোগে ফরিদপুরে অনুষ্ঠিত হয়েছে একদিনব্যাপী অভিজ্ঞতা বিনিময় সফর। রোববার (২৭ সেপ্টেম্বর) ফরিদপুরের বাহিরদিয়ায় East West Seed Knowledge Transfer Learning Farm-এ এ সফর অনুষ্ঠিত হয়।

সফরে ফরিদপুরের কানাইপুর, মধুখালী, মাগুরা, সদরপুর ও হাটকৃষ্ণপুরসহ বিভিন্ন এলাকা থেকে আসা ৩০ জন ক্ষুদ্রঋণী সদস্য ও কৃষক অংশ নেন।

সারাদিনের কর্মসূচিতে কৃষকরা সরাসরি মাঠে ঘুরে উঁচু মাচা পদ্ধতিতে সবজি চাষ, একই জমিতে একাধিক ফসলের সমন্বিত চাষ, ষড়জন পদ্ধতি, ড্রিপ সেচ, সৌরশক্তিচালিত সেচ ব্যবস্থা, জৈব সার উৎপাদন ও ব্যবহার এবং কম খরচে উন্নতমানের চারা উৎপাদনের কৌশল দেখেন ও শেখেন। প্রযুক্তিগুলো কৃষকদের পরিচিত মাঠেই বাস্তবে প্রয়োগ করে দেখানো হয়।

কৃষকদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় ছিল অনুষ্ঠানের অন্যতম দিক। নতুন পদ্ধতি দেখে অনেকেই খরচ ও লাভ নিয়ে প্রশ্ন করেন, যার উত্তর দেন প্রশিক্ষক ও কর্মকর্তারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসডিসির নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুরের উপপরিচালক শাহাদুজ্জামান, এসডিসির ডেপুটি ডিরেক্টর (এইচআর ও এডমিন) খান ওমর ফারুক, প্রকল্প পরিচালক আবদুল্লাহ আল রাজি এবং টেকনিক্যাল অফিসার কৃষিবিদ সজল। নির্বাহী পরিচালক কৃষকদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং আধুনিক প্রযুক্তি ও জ্ঞান চাষাবাদে কাজে লাগানোর ওপর গুরুত্ব দেন।

East West Seed Knowledge Transfer Learning Farm-এর টেকনিক্যাল ম্যানেজার ইমাদ মোস্তফা মাচা, সেচব্যবস্থা, ফসল ব্যবস্থাপনা ও চারা উৎপাদনের ব্যবহারিক দিকগুলো মাঠে দেখিয়ে ব্যাখ্যা করেন।

অংশগ্রহণকারী কৃষক গিয়াসউদ্দিন বলেন, এতদিন তিনি প্রচলিত পদ্ধতিতেই চাষ করেছেন। সফরে আধুনিক প্রযুক্তি দেখে তিনি বুঝেছেন, পুরোনো অভিজ্ঞতার সঙ্গে নতুন প্রযুক্তির সমন্বয় ঘটিয়েই এগিয়ে যেতে হবে। শেখা প্রযুক্তি নিজের জমিতে প্রয়োগের চেষ্টা করবেন বলেও জানান তিনি।

আয়োজকরা জানান, কৃষকদের আধুনিক, পরিবেশবান্ধব ও দক্ষ কৃষি প্রযুক্তির সঙ্গে পরিচিত করা এবং জ্ঞান, অভিজ্ঞতা ও প্রযুক্তি বিনিময়ের সুযোগ তৈরি করাই ছিল এ সফরের মূল উদ্দেশ্য। অনেক কৃষক এমন আয়োজনের জন্য এসডিসিকে ধন্যবাদ জানান।

ত/জু

ফেসবুকে যুক্ত থাকুন