একটি সাঁকো, বদলে গেল জীবন

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৪-এর বাসিন্দা আমিনা (ছদ্মনাম) ও তাঁর আশপাশের ৫০টি পরিবারের জন্য প্রতিদিনের পথ চলা ছিল এক কঠিন পরীক্ষা। সুপেয় পানি সংগ্রহ, শিক্ষা কিংবা স্বাস্থ্যসেবা পাওয়ার পথে মূল বাধা ছিল একটি ছোট খাল। পাহাড়ি উঁচু-নিচু পথ ও ভিড় ঠেলে অনেকটা ঘুরে যাতায়াত করতে হতো সবাইকে। সঙ্গে ছিল দুর্ঘটনার নিত্যদিনের ভয়।

সেই আতঙ্কের কথা জানিয়ে আমিনা বলেন, “আমার তিন বছরের শিশুটি কয়েকবার খালের পানিতে পড়ে গিয়েছিল।”

বাসিন্দাদের এই দুর্ভোগ লাঘবে কমিউনিটির অনুরোধ ও বাংলাদেশ হিউম্যানিটারিয়ান ফান্ডের সহায়তায় এগিয়ে আসে ইসলামিক রিলিফ বাংলাদেশ। সংস্থাটি খালের ওপর নির্মাণ করেছে একটি বাঁশের সাঁকো। ক্যাম্পে নিরাপদ চলাচল নিশ্চিত করতে নির্মিত মোট ১০২টি কমিউনিটি অবকাঠামোর একটি এই সাঁকো। এসব অবকাঠামোর সুবিধা পাচ্ছে ৫ হাজার ৫৯২টি পরিবার।

সাঁকোটি তৈরি হওয়ায় এখন আর আগের মতো চড়াই-উতরাই পেরোতে হয় না, কেটে গেছে দুর্ঘটনার শঙ্কাও। শিশুরা নিরাপদে স্কুলে যেতে পারছে। পরিবারগুলোও সহজে ও নিরাপদে পানি সংগ্রহসহ প্রয়োজনীয় সেবা নিতে পারছে। স্থানীয়দের কাছে ছোট্ট এই সাঁকো শুধু একটি অবকাঠামো নয়, বরং প্রতিদিনের জীবনের স্বস্তি ও নিরাপত্তার প্রতীক।

ত/জু

ফেসবুকে যুক্ত থাকুন