সম্প্রীতির মেলবন্ধনে নতুন উদ্যোগ

সমাজে ধর্মীয় স্বাধীনতা, পরমতসহিষ্ণুতা ও পারস্পরিক সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করার লক্ষ্যে দুই দিনব্যাপী “Training on ForB and Harmony” অনুষ্ঠিত হয়েছে। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের আয়োজনে গত ২৫ ও ২৬ সেপ্টেম্বর ২০২৬ মানিকগঞ্জের কৈট্টায় অবস্থিত প্রশিকা এইচআরডিসি সেন্টারে এ প্রশিক্ষণ হয়।

ময়মনসিংহ জেলার সদর উপজেলা থেকে আগত ২০ জন গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডার প্রশিক্ষণে সক্রিয় ও প্রাণবন্ত অংশগ্রহণ করেন, যা পুরো আয়োজনকে অত্যন্ত অর্থবহ করে তোলে।

প্রশিক্ষণে চারটি মূল বিষয়ে আলোচনা করা হয়। প্রথমত, ধর্মীয় বিশ্বাসের স্বাধীনতা (ForB)-এর মৌলিক ধারণা ও আইনি ভিত্তি তুলে ধরা হয়। দ্বিতীয়ত, সহিংসতা ও ঘৃণামূলক বক্তব্য (হেট স্পিচ) সমাজে কী ধরনের নেতিবাচক প্রভাব ফেলে এবং এ থেকে উত্তরণের উপায় নিয়ে আলোচনা হয়। তৃতীয়ত, গুজব ও অপতথ্য মোকাবেলার কৌশল নিয়ে আলোচনা হয়, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় ধর্মকে কেন্দ্র করে ছড়ানো বিভ্রান্তি ও সাইবার অপতথ্য চেনা ও প্রতিরোধের উপায় নিয়ে। চতুর্থত, তৃণমূল পর্যায়ে শান্তি, ধর্মীয় সম্প্রীতি ও আন্তঃধর্মীয় মেলবন্ধন গড়ে তোলার বাস্তবমুখী পদক্ষেপ নিয়ে শান্তিপূর্ণ সহাবস্থানের বিষয়টি উঠে আসে।

দলীয় আলোচনা, অভিজ্ঞতা বিনিময় ও উন্মুক্ত মতবিনিময়ের মাধ্যমে অংশগ্রহণকারীরা তৃণমূল পর্যায়ে শান্তি বজায় রাখার নানা কৌশল রপ্ত করেন।

আয়োজকেরা জানান, সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দিতে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ সবসময় সমাজের পাশে থাকবে।

ত/জু

ফেসবুকে যুক্ত থাকুন