দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’ প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত হয়েছে। ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)-এর প্রবীণ কল্যাণ কর্মসূচির সহযোগিতায় জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় যৌথভাবে দিবসটির আয়োজন করে।
জেলা শহরে র্যালি বের করা হয়। র্যালি শেষে শহীদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়ের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান খান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মোছা. কানিছ ফাতেমা এবং ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. ফারুক আহমেদ। হাবিবুর রহমান খান স্বাগত বক্তব্য দেন। সভা পরিচালনা করেন সিরাজগঞ্জ সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. সোহেল রানা।
অনুষ্ঠানে এনডিপির প্রবীণ কল্যাণ কর্মসূচির সদস্য ও বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ, সিরাজগঞ্জের সাধারণ সম্পাদক গাজী নূর মোহাম্মদ মো. আব্দুল্লাহ আল ফারুক বক্তব্য দেন। এনজিও প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন এনডিপির উপপরিচালক কাজী মাসুদুজ্জামান।
বক্তারা বলেন, প্রবীণদের অধিকার ও মর্যাদা রক্ষা এবং তাঁদের নিরাপদ ও সুস্থ জীবনযাপন নিশ্চিত করা সমাজের দায়িত্ব। পাশাপাশি তাঁদের দীর্ঘ অভিজ্ঞতা ও দক্ষতাকে সমাজ ও দেশের উন্নয়নে কাজে লাগানোর ওপরও তাঁরা গুরুত্ব দেন। প্রবীণবান্ধব সমাজ গঠনে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে মত দেন বক্তারা।
দিবসটির আয়োজন ও বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন এনডিপির প্রবীণ কল্যাণ কর্মসূচির প্রোগ্রাম অফিসার সুরেশ চন্দ্র পাল। কর্মসূচির সদস্যদের সক্রিয় অংশগ্রহণে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিনের কর্মসূচি সম্পন্ন হয়।
ত/জু



