নারী-উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন এবং সৃজনশীল পণ্যভিত্তিক ব্যবসার সম্ভাবনা সম্প্রসারণের লক্ষ্যে এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে বগুড়ায় তিন দিনব্যাপী ‘রেজিন জুয়েলারি অ্যান্ড হ্যান্ডিক্রাফট’ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ২২ থেকে ২৪ সেপ্টেম্বর ২০২৬ আয়োজিত এ প্রশিক্ষণে বগুড়া, রাজশাহী ও জয়পুরহাটের ২৭ জন নারী-উদ্যোক্তা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে রেজিন জুয়েলারি ও হ্যান্ডিক্রাফট পণ্য তৈরির আধুনিক ও ব্যবহারিক কৌশল শেখানো হয়। এর পাশাপাশি কাঁচামাল নির্বাচন, নান্দনিক ডিজাইন, রঙের সমন্বয় ও ফিনিশিং, পণ্যের মানোন্নয়ন, মূল্য নির্ধারণ এবং আকর্ষণীয় প্যাকেজিং বিষয়েও হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। পণ্যে সৃজনশীলতা ও বৈচিত্র্য আনা এবং ক্রেতার চাহিদা অনুযায়ী পণ্য উন্নয়নের ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
আয়োজকদের মতে, বর্তমানে রেজিন জুয়েলারি ও হ্যান্ডিক্রাফট পণ্য দেশীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও ক্রমবর্ধমান জনপ্রিয়তা অর্জন করছে। আধুনিক ও নান্দনিক ডিজাইন, রঙ ও নকশার বৈচিত্র্য এবং ক্রেতার পছন্দ অনুযায়ী কাস্টমাইজেশনের সুযোগ এসব পণ্যের বাজার সম্ভাবনাকে আরও বাড়িয়ে তুলছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে তুলনামূলক সহজে পণ্য প্রদর্শন ও বাজারজাত করার সুযোগ থাকায় স্বল্প বিনিয়োগেই এ খাতে নতুন উদ্যোক্তা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে নারীদের জন্য সৃজনশীলতা ও উদ্যোক্তা দক্ষতাকে কাজে লাগিয়ে আয় ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে এ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারী নারী-উদ্যোক্তারা রেজিনভিত্তিক পণ্য তৈরির পাশাপাশি পণ্যের নকশা, মানোন্নয়ন ও বাজারজাতকরণ সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা অর্জন করেন। প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
ত/জু



