২০২৬-২৭ অর্থবছরে ৪৩,২৮৮ কোটি টাকা ঋণ বিতরণ করবে আশা। আগামী ২০২৬-২৭ অর্থবছরে ৪৩ হাজার ২৮৮ কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে দেশের অন্যতম বৃহৎ ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান আশা। এই কার্যক্রমের আওতায় আসবেন প্রায় ৭০ লাখ সদস্য। গত ১৩ সেপ্টেম্বর ২০২৬ রাজধানীর শ্যামলীতে অবস্থিত আশা কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংস্থাটির ৪৭তম বার্ষিক সাধারণ সভায় এ লক্ষ্যমাত্রা গৃহীত হয়।
সভায় একই অর্থবছরে সংস্থার উদ্বৃত্ত আয় থেকে সিএসআর (কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা) খাতে ১৪৬ কোটি টাকা ব্যয়ের সিদ্ধান্তও নেওয়া হয়। এই অর্থ দিয়ে শিক্ষা, স্বাস্থ্যসেবা, ফিজিওথেরাপি, স্যানিটেশন, শিক্ষাবৃত্তি, দুর্যোগপীড়িত মানুষের সহায়তা ও শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
আশা সাধারণ পরিষদ ও আশা পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আশার প্রেসিডেন্ট মোঃ আরিফুল হক চৌধুরী সদ্যসমাপ্ত অর্থবছরের সার্বিক অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করেন। সভা সঞ্চালনা করেন সংস্থার এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ তৌফিকুল ইসলাম চৌধুরী।
ত/জু



