সুইডিশ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি (সিডা)-এর আর্থিক সহায়তায় এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরি সহযোগিতায় সেরাক-বাংলাদেশ বরগুনা সদর ও পাথরঘাটা উপজেলায় কমিউনিটি ক্লিনিক ব্যবস্থাপনা কমিটির দ্বিমাসিক মতবিনিময় সভার আয়োজন করেছে।
বরগুনা সদরের গৌরীচন্না ইউনিয়নের সোনার বাংলা কমিউনিটি ক্লিনিক, রায়হানপুর ইউনিয়নের শাতকোর কমিউনিটি ক্লিনিক এবং পাথরঘাটার নাচনাপাড়া ইউনিয়নের নাচনাপাড়া কমিউনিটি ক্লিনিকে এসব সভা অনুষ্ঠিত হয়।
সভায় কমিউনিটি ক্লিনিকের চলমান কার্যক্রম ও ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবার মান, ওষুধ সরবরাহ, সেবাগ্রহীতাদের সমস্যা, প্রয়োজনীয় যন্ত্রপাতি এবং স্থানীয় পর্যায়ের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। চিহ্নিত চ্যালেঞ্জ মোকাবিলায় স্থানীয় উদ্যোগের মাধ্যমে দ্রুত গ্রহণযোগ্য পদক্ষেপ এবং ক্লিনিকের সেবার মান ও সেবা-পরিবেশ আরও উন্নত করার উপায় নিয়েও অংশগ্রহণকারীরা মতামত দেন।
সভায় কমিউনিটি ক্লিনিক ব্যবস্থাপনা কমিটির সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, স্বাস্থ্যসেবা প্রদানকারী, ভলান্টিয়ার পিয়ার লিডার (ভিপিএল) ও সাপোর্ট ভলান্টিয়াররা অংশ নেন।
অংশগ্রহণকারীরা কমিউনিটি ক্লিনিকের সেবার মান উন্নয়ন, ব্যবস্থাপনা কমিটি ও সেবা প্রদানকারীদের মধ্যে সমন্বয় জোরদার করা এবং ছোটখাটো পরিচালনাগত সমস্যা স্থানীয়ভাবে দ্রুত সমাধানের ওপর গুরুত্বারোপ করেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের মতবিনিময় সভা স্থানীয় অংশীজনদের মধ্যে সমন্বয় জোরদার করার একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে, যা জনগণের জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ভূমিকা রাখবে।
ত/জু



