দায়িত্বশীল সংবাদে বদলাবে লিঙ্গবৈষম্য

জামালপুরে উন্নয়ন সংঘের চাইল্ড সিটিতে অনুষ্ঠিত এই কর্মশালায় বাল্যবিবাহ প্রতিরোধ এবং ইতিবাচক সামাজিক ও জেন্ডার নিয়ম প্রতিষ্ঠায় গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

দায়িত্বশীল সাংবাদিকতা কীভাবে লিঙ্গভিত্তিক গৎবাঁধা ধারণা ও পক্ষপাত দূর করতে পারে, এই প্রশ্নের উত্তর খুঁজতে জামালপুরে শুরু হয়েছে দুই দিনব্যাপী কর্মশালা। গণমাধ্যমে ইতিবাচক সামাজিক ও জেন্ডার নিয়মের উপস্থাপন বিষয়ক এই কর্মশালায় অংশ নিচ্ছেন স্থানীয় ৩০ জন সাংবাদিক। ‘সম্ভাবনা প্রকল্পের’ আওতায় গত ২৭ সেপ্টেম্বর ২০২৬ কর্মশালাটি শুরু হয়।

কর্মশালায় নারীর প্রতি সহিংসতা, কিশোরী অবস্থায় গর্ভধারণ, জেন্ডার বৈষম্য সূচকে বাংলাদেশের অবস্থান, শ্রমশক্তিতে নারীর অংশগ্রহণ এবং শিক্ষা, কর্মসংস্থান বা প্রশিক্ষণের বাইরে থাকা (নিট–NEET) তরুণ-তরুণীদের তুলনামূলক পরিস্থিতিসহ নানা বিষয়ে আলোচনা হয়।

আলোচনা, বিশ্লেষণ ও পারস্পরিক শিখনের মাধ্যমে সাংবাদিকদের জেন্ডার-সংবেদনশীল প্রতিবেদন তৈরির দক্ষতা বাড়ানো এবং নিজ নিজ নিউজরুম ও কর্মক্ষেত্রে সেই দক্ষতা প্রয়োগে সহায়তা করাই কর্মশালার লক্ষ্য।

নেদারল্যান্ডস সরকারের আর্থিক সহায়তায় ‘অ্যাক্সিলারেটিং অ্যাকশন টু এন্ড চাইল্ড ম্যারেজ’ প্রকল্পের আওতায় ইউএনএফপিএ বাংলাদেশ ও অ্যাকশনএইড বাংলাদেশের যৌথ উদ্যোগে এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি এডুকেশন (বেইস)-এর সহযোগিতায় কর্মশালাটি বাস্তবায়িত হচ্ছে।

ত/জু

ফেসবুকে যুক্ত থাকুন