প্রান্তিক মানুষের পাশে ‘প্রকৃতি ও জীবন’

সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় মৌলিক চিকিৎসাসেবা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ‘প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র’। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের এই অলাভজনক অঙ্গসংগঠনটি এক যুগেরও বেশি সময় ধরে অবহেলিত মানুষের স্বাস্থ্যসুরক্ষা ও কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

স্বাস্থ্যসেবা কেন্দ্রটিতে নিয়মিত অভিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে রোগীদের মানসম্মত ও নির্ভরযোগ্য চিকিৎসা দেওয়া হয়। পাশাপাশি প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয় সম্পূর্ণ বিনামূল্যে। সাধারণ চিকিৎসাসেবার বাইরেও দেশের পিছিয়ে পড়া ও দুর্গম এলাকায়, বিশেষ করে চরাঞ্চলে, প্রতিষ্ঠানটি বিনামূল্যে ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’ পরিচালনা করে। এর ফলে প্রান্তিক মানুষ নিজেদের এলাকাতেই স্বাস্থ্যসেবা পাচ্ছেন।

চিকিৎসাসেবার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে নানা মানবিক কার্যক্রমেও সক্রিয় ভূমিকা রাখছে প্রতিষ্ঠানটি। শীতের তীব্রতা থেকে সুবিধাবঞ্চিত মানুষকে রক্ষা করতে নিয়মিত শীতবস্ত্র বিতরণ করা হয়। এ ছাড়া যেকোনো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে দ্রুত ত্রাণ বিতরণ ও পুনর্বাসনের কাজও পরিচালনা করে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র।

মানবসেবার এই মহৎ অগ্রযাত্রাকে আরও বেগবান করতে সমাজের বিত্তবান ও সচেতন মানুষসহ সবার প্রতি সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান জানানো হয়েছে। সম্মিলিত উদ্যোগেই একটি সুস্থ ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলা সম্ভব।

ত/জু

ফেসবুকে যুক্ত থাকুন