রোহিঙ্গা কিশোর-কিশোরীদের দক্ষতা প্রশিক্ষণ পরিদর্শনে ইউনিসেফ

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা কিশোর-কিশোরীদের জন্য ইসডো (ESDO) বাস্তবায়িত অ্যাডোলেসেন্ট ডেভেলপমেন্ট অ্যান্ড পার্টিসিপেশন (এডিএপি) প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেছেন ইউনিসেফ বাংলাদেশের কর্মকর্তারা। ৬ অক্টোবর ২০২৬ উখিয়ার ক্যাম্প-৪ এর ইয়াঙ্গুন মাল্টি-পারপাস সেন্টার (এমপিসি-৫১)-এ এই পরিদর্শন অনুষ্ঠিত হয়।

পরিদর্শনকালে ইউনিসেফ বাংলাদেশের এডুকেশন ম্যানেজার লুইস রাচেল লিক এবং এডুকেশন অফিসার মো. তানভীর রহমান ভুইয়া উপস্থিত ছিলেন।

সকালের অধিবেশনে সোলার ও ইলেকট্রিক্যাল ইনস্টলেশন ও মেরামত, হস্তশিল্প ও রিসাইক্লিং এবং টেইলারিং ও পুনর্ব্যবহারযোগ্য স্যানিটারি প্যাড তৈরি—এই তিনটি ট্রেডে মোট ৬০ জন রোহিঙ্গা কিশোর-কিশোরী প্রশিক্ষণে অংশ নেয়।

পরিদর্শনে লুইস রাচেল লিক শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটান এবং তাদের সঙ্গে মতবিনিময় করেন। প্রশিক্ষণের অভিজ্ঞতা, শিখন পরিবেশ এবং দক্ষতা উন্নয়ন কার্যক্রমে তাদের অংশগ্রহণ সম্পর্কে তিনি জানতে চান। তিনি এডিএপি উদ্যোগকে স্বাগত জানান এবং শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ ও উৎসাহের প্রশংসা করেন।

তিনি প্রশিক্ষণ অধিবেশনগুলোকে আরও আকর্ষণীয়, আনন্দদায়ক, ইন্টারেক্টিভ ও অংশগ্রহণমূলক করার ওপর গুরুত্ব দেন, যাতে শিক্ষার্থীদের কাছে শেখার প্রক্রিয়া একঘেয়ে বা বিরক্তিকর মনে না হয়। শিক্ষার্থীদের আগ্রহ ও সক্রিয় অংশগ্রহণ বাড়াতে এবং দক্ষতা উন্নয়ন আরও কার্যকর করতে ইন্টারেক্টিভ কার্যক্রম ও আনন্দদায়ক শিখন পদ্ধতি অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয়তার কথাও তিনি তুলে ধরেন।

পরিদর্শনের সময় রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য বাস্তবায়নাধীন দক্ষতা উন্নয়ন কার্যক্রমের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল শিক্ষার্থীদের অংশগ্রহণ, প্রশিক্ষণ পরিবেশের মান এবং প্রশিক্ষণের সার্বিক কার্যকারিতা।

এ সময় ইসডোর পক্ষ থেকে এডিএপি প্রকল্পের ফোকাল পার্সন মনোতোষ কুমার মধু, দক্ষতা উন্নয়ন টেকনিক্যাল লিড মো. ফারুক হোসেনসহ প্রকল্পের সংশ্লিষ্ট অন্যান্য কর্মীরা উপস্থিত ছিলেন।

ত/জু

ফেসবুকে যুক্ত থাকুন