ফলদা শরিফুননেছা উচ্চ বালিকা বিদ্যালয়ে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন; বিতর্ক, নাচ ও ফুটবলের মাধ্যমে বাল্যবিবাহকে ‘না’ বলার দৃঢ় অঙ্গীকার।
নাচ, বিতর্ক, বক্তৃতা আর মাঠে মেয়েদের ফুটবলের উচ্ছ্বাসে মুখর হয়ে উঠেছিল টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ফলদা শরিফুননেছা উচ্চ বালিকা বিদ্যালয়। যথাযোগ্য মর্যাদা ও আনন্দমুখর পরিবেশে ৭ অক্টোবর উদযাপিত হয়েছে ‘জাতীয় কন্যা শিশু দিবস ২০২৬’। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহযোগিতায় দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হয়।
কন্যা শিশুর অধিকার, স্বাস্থ্য সুরক্ষা ও সামাজিক মর্যাদা নিয়ে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। দিবসটি উপলক্ষে বিদ্যালয়ে উপস্থিত বক্তৃতা, মনোমুগ্ধকর নৃত্য ও যুক্তিনির্ভর বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। শিক্ষার্থীরা নিজেদের ভাবনা ও মতামত আত্মবিশ্বাসের সঙ্গে তুলে ধরে উপস্থিত সবার প্রশংসা কুড়ায়।
দিনের অন্যতম আকর্ষণ ছিল মেয়েদের মধ্যে অনুষ্ঠিত জমজমাট ফুটবল ম্যাচ। মাঠে মেয়েদের দৃপ্ত পদচারণা ও খেলার প্রতি আগ্রহ প্রমাণ করে দিয়েছে, সুযোগ পেলে কন্যা শিশুরা কোনো ক্ষেত্রেই পিছিয়ে নেই। দর্শকদের করতালি ও উৎসাহে পুরো প্রাঙ্গণ উৎসবের আমেজে ভরে ওঠে।
আয়োজনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল সবার সম্মিলিত প্রত্যয়—‘বাল্যবিবাহকে না বলা’। শিক্ষার্থী, শিক্ষক ও অংশগ্রহণকারীরা বাল্যবিবাহ প্রতিরোধে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি কন্যা শিশুর স্বাস্থ্য সুরক্ষা এবং তাদের অধিকার নিশ্চিত করার বিষয়ে উপস্থিত সবার মাঝে গুরুত্বপূর্ণ সচেতনতামূলক বার্তা ছড়িয়ে দেওয়া হয়।
আয়োজকরা বলেন, আগামী দিনের সমাজ বিনির্মাণে কন্যা শিশুরাই মূল শক্তি। তাদের শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করা গেলেই একটি সমতাভিত্তিক ও প্রগতিশীল সমাজ গড়ে উঠবে। তাই কন্যা শিশুর অধিকার রক্ষায় পরিবার, বিদ্যালয় ও সমাজের সবাইকে একযোগে এগিয়ে আসতে হবে।
ত/জু



