‘ভালোবাসুন আপনার চোখ’ প্রতিপাদ্যে চক্ষু সুরক্ষায় সচেতনতার বার্তা ইএসডিওর। চোখের স্বাস্থ্যের গুরুত্ব তুলে ধরে বিশ্বব্যাপী পালিত হচ্ছে বিশ্ব দৃষ্টি দিবস ২০২৬। এবারের দিবসের প্রতিপাদ্য ‘ভালোবাসুন আপনার চোখ’ (Love Your Eyes)। দিবসটি উপলক্ষে চোখের যত্ন ও দৃষ্টিশক্তি সুরক্ষা নিয়ে সচেতনতা বাড়াতে বৈশ্বিক এই উদ্যোগে যুক্ত হয়েছে ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)।
সংস্থাটি জানায়, দৃষ্টিশক্তি মানুষের জীবনের অন্যতম মূল্যবান সম্পদ। শিক্ষা, কর্মসংস্থান, চলাফেরা ও দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রেই সুস্থ চোখের ভূমিকা অপরিসীম। তাই নিয়মিত যত্ন ও সচেতনতার মাধ্যমে চোখের সুরক্ষা নিশ্চিত করা প্রত্যেক ব্যক্তি, পরিবার ও সমাজের সম্মিলিত দায়িত্ব।
ইএসডিওর পক্ষ থেকে বলা হয়, দৃষ্টিশক্তি রক্ষা করা গেলে একজন মানুষের ব্যক্তিগত, সামাজিক ও অর্থনৈতিক জীবনের ভবিষ্যৎও সুরক্ষিত থাকে। কারণ দৃষ্টিজনিত সমস্যা অনেক সময় মানুষের কর্মক্ষমতা ও জীবনমান কমিয়ে দেয়। এ কারণে চোখের সমস্যার প্রাথমিক লক্ষণ দেখা দিলে অবহেলা না করে যথাসময়ে চিকিৎসকের পরামর্শ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।
দিবসটি উপলক্ষে সংস্থাটি সব বয়সী মানুষকে নিজের চোখের প্রতি আরও যত্নশীল হওয়ার আহ্বান জানিয়েছে। পাশাপাশি পরিবার, কমিউনিটি ও সংশ্লিষ্ট সব অংশীজনকে চক্ষুসেবা সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দিতে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়েছে।
বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে ইএসডিওর বার্তা, “চোখকে রক্ষা করুন, রক্ষা করুন আপনার ভবিষ্যৎ।”
ত/জু



