গুজব রুখতে সজাগ দিনাজপুরের তরুণরা

শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের মধ্যে ডিজিটাল মিডিয়া সাক্ষরতা বাড়াতে এবং গুজব ও ভুয়া তথ্য শনাক্তে সচেতনতা তৈরির লক্ষ্যে দিনাজপুরে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ইউরোপীয় কমিশনের অর্থায়নে এবং বিবিসি মিডিয়া অ্যাকশনের সহযোগিতায় ইএসডিও-ফ্রিড প্রকল্পের উদ্যোগে শনিবার (১০ অক্টোবর ২০২৬) দিনাজপুর একাডেমি উচ্চ বিদ্যালয়ে এ প্রশিক্ষণ হয়।

প্রশিক্ষণে ডিজিটাল মাধ্যমের সঠিক ব্যবহার, অনলাইনে তথ্য যাচাই, ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য শনাক্তকরণ এবং দায়িত্বশীলভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। ডিজিটাল প্ল্যাটফর্মে তথ্য গ্রহণ ও প্রচারে সচেতনতা, তথ্যের সত্যতা যাচাইয়ের গুরুত্ব, অনলাইন নিরাপত্তা এবং মতপ্রকাশে দায়িত্বশীলতার প্রয়োজনীয়তাও তুলে ধরা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য শেয়ার করার আগে তার নির্ভরযোগ্যতা যাচাই করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। গেস্ট অব অনার ছিলেন দিনাজপুর একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন নাহার চামেলী।

প্রধান অতিথি বলেন, বর্তমান তথ্য ও প্রযুক্তিনির্ভর সময়ে ডিজিটাল মিডিয়া সাক্ষরতা মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে, বিভ্রান্তিকর তথ্যের বিস্তার রোধ করতে এবং নিরাপদ ও দায়িত্বশীল অনলাইন পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের প্রশিক্ষণ ব্যক্তি, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের বিভিন্ন পর্যায়ে ডিজিটাল সচেতনতা বাড়াতে সহায়ক হবে বলেও তিনি মনে করেন।

প্রশিক্ষণে আরও উপস্থিত ছিলেন ইএসডিও-ফ্রিড প্রকল্পের জেলা সমন্বয়কারী শাহ মো. আমিনুল হক, ট্রেনিং অফিসার চৌধুরী সউদ আল তায়েবী, দিনাজপুর সদর উপজেলার সহকারী প্রশিক্ষক মো. হাবিবুর রহমান হাবিব, বীরগঞ্জ উপজেলার সহকারী প্রশিক্ষক মৌরসি আক্তার এবং কাহারোল উপজেলার সহকারী প্রশিক্ষক বৃষ্টি রানী।

ত/জু

ফেসবুকে যুক্ত থাকুন