জাতীয় যুবনীতি ২০১৭ সংশোধনের প্রক্রিয়ায় তরুণদের অভিজ্ঞতা, অগ্রাধিকার ও সুপারিশ তুলে ধরতে ‘যুব সংলাপ’ আয়োজন করেছে ইয়ুথ ফর চেঞ্জ বাংলাদেশ ফাউন্ডেশন। ৮ অক্টোবর ২০২৬ বাংলাদেশ ইয়ুথ কোয়ালিশনের (বিওয়াইসি) সহযোগিতায় ‘স্পেস টু লিড’ প্রকল্পের আওতায় এ সংলাপ অনুষ্ঠিত হয়। প্রকল্পটি প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং সুইডিশ আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা সংস্থা (সিডা) সহায়তা করছে।
সংলাপে সরকারি প্রতিনিধি, যুব নেতা, যুবদের নেতৃত্বাধীন সংগঠন ও উন্নয়ন সহযোগীরা অংশ নেন। তাঁরা নীতির বিদ্যমান ঘাটতি, তরুণদের উদীয়মান অগ্রাধিকার এবং আরও অন্তর্ভুক্তিমূলক ও বাস্তবায়নযোগ্য জাতীয় যুবনীতি গড়ার সুপারিশ নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব অনুবিভাগের প্রধান ও যুগ্ম সচিব ড. শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন মন্ত্রণালয়ের উপসচিব (যুব-১ শাখা) মো. মাসুম আহমেদ। যুব উন্নয়ন অধিদপ্তরের (ডিওয়াইডি) উপসচিব ও পরিচালক (পরিকল্পনা) মোহাম্মদ হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন।
সংলাপের উল্লেখযোগ্য অংশ ছিল বিওয়াইসির যুব-নেতৃত্বাধীন ‘পলিসি রেকমেন্ডেশন ব্রিফ’ উপস্থাপন ও হস্তান্তর। জাতীয় যুবনীতি ২০১৭-এর স্বেচ্ছাসেবী পর্যালোচনার ভিত্তিতে তৈরি এই ব্রিফে তরুণদের অভিজ্ঞতা, অগ্রাধিকার ও সুপারিশ তুলে ধরা হয়েছে। চলমান সংশোধন প্রক্রিয়ায় বিবেচনার জন্য এটি মন্ত্রণালয় ও অধিদপ্তরের প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়।
আয়োজকরা বলেন, অর্থবহ যুব অংশগ্রহণ মানে শুধু কথা শোনা নয়, বরং ভবিষ্যৎ গড়ার সিদ্ধান্তে অবদান রাখা।
ত/জু



