কক্সবাজারে সবজির বীজে নতুন স্বপ্ন

এফএওর উদ্যোগে ৫ হাজার কৃষক পরিবার ও রোহিঙ্গা শিবিরের ৬০০ জনের মধ্যে শীতকালীন সবজির বীজ বিতরণ; পুষ্টি ও খাদ্য নিরাপত্তায় জোর। কক্সবাজারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পরিবার এবং রোহিঙ্গা শিবিরের উপকারভোগীদের মধ্যে শীতকালীন সবজির বীজ বিতরণ করেছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)। সুইডিশ আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা সংস্থা (সিডা)-এর সহায়তায় ‘সেইফ প্লাস টু’ (SAFE+2) প্রকল্পের আওতায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এর আওতায় স্থানীয় হোস্ট কমিউনিটির ৫ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পরিবার এবং রোহিঙ্গা শিবিরের ৬০০ উপকারভোগীকে বীজ দেওয়া হয়েছে। এই উদ্যোগ জলবায়ু-অভিযোজনক্ষম সবজি উৎপাদনকে উৎসাহিত করছে। পাশাপাশি পুষ্টি, খাদ্য নিরাপত্তা ও টেকসই জীবিকার উন্নয়নে ভূমিকা রাখছে।

এফএও জানায়, বসতবাড়িতে সবজি চাষ খাদ্যের বৈচিত্র্য বাড়ায়, পরিবারের খাদ্য নিরাপত্তা জোরদার করে এবং কৃষক পরিবারের বাড়তি আয়ের সুযোগ তৈরি করে। সহনশীল ও পুষ্টিসংবেদনশীল খাদ্যব্যবস্থা গড়তে সময়মতো মানসম্মত বীজ ও কারিগরি সহায়তা পাওয়া অত্যন্ত জরুরি।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) এবং এফএওর বাস্তবায়ন সহযোগী মুক্তি কক্সবাজারের সহযোগিতায় এ বিতরণ কার্যক্রম চলছে। এর মাধ্যমে উপকারভোগীরা শীতকালীন সবজি চাষের জন্য প্রয়োজনীয় উপকরণ পাচ্ছেন।

ত/জু

ফেসবুকে যুক্ত থাকুন