ধামইরহাটে ৭০০ চারা হাতে সবুজের শপথ

নওগাঁর ধামইরহাটে বৃক্ষরোপণ ও চারা বিতরণ; ৩৫০ শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হলো প্রায় ৭০০ চারা। “বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে নওগাঁর ধামইরহাটে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি হয়। সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে, ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের কারিগরি সহযোগিতায় এবং ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) বাস্তবায়নাধীন ‘গোফরইমপ্যাক্ট’ প্রকল্প ও ধামইরহাট পৌরসভার যৌথ আয়োজনে অনুষ্ঠানটি হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধামইরহাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কাজী তাহমিনা সারমিন। উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, ধামইরহাট পৌরসভার নির্বাহী কর্মকর্তা সজল কুমার মণ্ডল, গোফরইমপ্যাক্ট প্রকল্পের ব্যবস্থাপক মো. পজিদুর রহমান, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা।

কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয় এবং ৩৫০ জন শিক্ষার্থীর মধ্যে প্রায় ৭০০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। এর মাধ্যমে শিক্ষার্থীদের বৃক্ষরোপণ, গাছের পরিচর্যা ও পরিবেশ সংরক্ষণ সম্পর্কে সচেতন করা হয়। পাশাপাশি তাদের নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ সবুজায়নে উৎসাহিত করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে কাজী তাহমিনা সারমিন বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। শুধু গাছ লাগালেই হবে না, গাছের সঠিক পরিচর্যা ও নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীরা নিজ নিজ বাড়ি ও বিদ্যালয় প্রাঙ্গণে গাছ লাগানো এবং সেগুলোর যত্ন নেওয়ার মাধ্যমে পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

গোফরইমপ্যাক্ট প্রকল্পের আওতায় ধামইরহাট ও নিয়ামতপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ইতোমধ্যে ৩২ হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা বৃক্ষরোপণকে নিয়মিত সামাজিক আন্দোলনে পরিণত করার ওপর জোর দেন। তাঁরা পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণের পাশাপাশি গাছের যথাযথ পরিচর্যা নিশ্চিত করার আহ্বান জানান।

ত/জু

ফেসবুকে যুক্ত থাকুন