স্তন ক্যানসার নিয়ে সচেতনতায় কেয়ার বাংলাদেশ

স্তন ক্যানসার সচেতনতা মাস ২০২৬: ‘প্রতিটি গল্প আলাদা, প্রতিটি যাত্রা গুরুত্বপূর্ণ’ প্রতিপাদ্যে কেয়ার বাংলাদেশের সচেতনতামূলক সেশন; আগাম শনাক্তকরণ ও সময়মতো স্ক্রিনিংয়ে জোর।

স্তন ক্যানসার সচেতনতা মাস ২০২৬ উপলক্ষে আগাম শনাক্তকরণ ও সময়মতো স্ক্রিনিংয়ের গুরুত্ব তুলে ধরে সচেতনতামূলক সেশনের আয়োজন করেছে কেয়ার বাংলাদেশ। ১৩ অক্টোবর ২০২৬ আয়োজিত এ সেশনের প্রতিপাদ্য ছিল ‘প্রতিটি গল্প আলাদা, প্রতিটি যাত্রা গুরুত্বপূর্ণ’ (Every Story is Unique, Every Journey Matters)। আয়োজনের মূল বার্তা ছিল ‘টুগেদার ফর পিঙ্ক’, অর্থাৎ সচেতনতা, আগাম শনাক্তকরণ ও সেবার জন্য সবাই মিলে একসঙ্গে এগিয়ে আসা।

প্রতি বছর অক্টোবর মাস বিশ্বজুড়ে স্তন ক্যানসার সচেতনতা মাস হিসেবে পালিত হয়। এই প্রেক্ষাপটে কেয়ার বাংলাদেশের এ আয়োজনে স্তন ক্যানসারের ঝুঁকির কারণ, প্রাথমিক লক্ষণ ও প্রতিরোধের উপায় নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় বিশেষ গুরুত্ব পায় আগাম শনাক্তকরণ ও সময়মতো স্ক্রিনিংয়ের বিষয়টি। কারণ, রোগটি প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে চিকিৎসার সফলতার সম্ভাবনা বাড়ে।

সেশনে জ্ঞান বিনিময় ও খোলামেলা আলোচনার সুযোগ রাখা হয়। এর মাধ্যমে অংশগ্রহণকারীদের নিজেদের স্বাস্থ্য ও সুস্থতাকে অগ্রাধিকার দিতে এবং শরীরের কোনো অস্বাভাবিক পরিবর্তন দেখা দিলে অবহেলা না করে যথাসময়ে চিকিৎসকের পরামর্শ নিতে উৎসাহিত করা হয়।

এ উদ্যোগকে অর্থবহ ও প্রভাবশালী করে তুলতে সহযোগিতা এবং বিশেষজ্ঞ দিকনির্দেশনা দিয়েছে ল্যাবএইড ক্যানসার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টার। এ জন্য প্রতিষ্ঠানটিকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছে কেয়ার বাংলাদেশ।

ত/জু

ফেসবুকে যুক্ত থাকুন