পূজামণ্ডপের নিরাপত্তায় একজোট ধামইরহাট

‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে পিএফজির মতবিনিময় সভা; ৩১টি পূজামণ্ডপে যৌথ পাহারা ও টহলের সিদ্ধান্ত।

নওগাঁর ধামইরহাটে ধর্মীয় উৎসবে শান্তি ও সম্প্রীতি রক্ষায় ৩১টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে যৌথভাবে পাহারা ও টহলের সিদ্ধান্ত হয়েছে। ধামইরহাট পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) আয়োজিত ‘দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি স্থাপন’ শীর্ষক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভার প্রতিপাদ্য ছিল ‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’।

পিএফজির ধামইরহাট উপজেলা কো-অর্ডিনেটর সাংবাদিক আবু হেনা মো. মোস্তফা কামাল বাবুর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ধামইরহাট পৌর বিএনপির সভাপতি মো. শহিদুর রহমান সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব হানজালা, পৌর বিএনপির মহিলাবিষয়ক সম্পাদক মোছা. শাহিনা আকতার, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রামজলম রবিদাস, ধামইরহাট মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রউফ মণ্ডল, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ধামইরহাট উপজেলার আহ্বায়ক দেবলাল টুডু, উপজেলা জাতীয় পার্টির সভাপতি দেওয়ান আব্দুল হান্নান এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী ও আদিবাসী নেত্রী ডলি দাসসহ অন্যরা।

সভায় বিএনপি ও ছাত্রদলের প্রতিনিধি এবং পিএফজি ও ওয়াইপিএফজির সদস্যদের সমন্বয়ে উপজেলার ৩১টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত যোগাযোগ, সমন্বয় এবং দলবদ্ধভাবে পাহারা ও টহলের ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়।

আয়োজকদের ভাষ্য, এ উদ্যোগের মাধ্যমে ধর্মীয় উৎসবের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, সম্ভাব্য দ্বন্দ্ব প্রতিরোধ এবং সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, ঐক্য ও সম্প্রীতি জোরদার করার বিষয়ে সবাই একমত হয়েছেন।

ত/জু

ফেসবুকে যুক্ত থাকুন