বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর মাইক্রোফাইন্যান্স কর্মসূচির ফিল্ড অফিসারদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী এক আবাসিক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। ১৬ অক্টোবর (শুক্রবার) রংপুরের ইএসডিও সিলভার জুবিলী ভবনে “দায়িত্বশীল লোন, ক্যাশলেস আদায় এবং নির্ভুল হিসাব ও OTR/PAR উন্নয়ন ও বকেয়া পুনরুদ্ধার” শীর্ষক এই কর্মশালার সূচনা হয়। আগামী ১৭ অক্টোবর পর্যন্ত প্রশিক্ষণটি চলবে।
ইএসডিও’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামানের পক্ষে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন সংস্থার হেড অব ট্রেনিং মোঃ আমির হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে হেড অব অডিট আশিকুর রহমান লিমন, ডেপুটি হেড অব ট্রেনিং মোঃ সুজন খান, কোঅর্ডিনেটর সেলিনা আখতার এবং আবু মোহাম্মদ সাইদ জামিল উপস্থিত ছিলেন।
আধুনিক প্রযুক্তির ব্যবহারে আয়োজিত এ প্রশিক্ষণের শুরুতেই QR কোডের মাধ্যমে অংশগ্রহণকারীদের উপস্থিতি নথিভুক্ত করা হয় এবং একটি প্রি-টেস্ট গ্রহণ করা হয়। এ ছাড়া, প্রশিক্ষণার্থীরা ‘VIP কার্ড’-এর মাধ্যমে কর্মশালা ঘিরে তাঁদের নানা প্রত্যাশার কথা প্রকাশ করেন। একটি প্রাণবন্ত ‘আইস ব্রেকিং’ সেশনের মধ্য দিয়ে দু’দিনের মূল পাঠ্যসূচি তুলে ধরা হয়।
আবাসিক এই কর্মশালায় ফিল্ড অফিসারদের দায়িত্বশীল ঋণ বিতরণ, ক্যাশলেস আদায় প্রক্রিয়া, ই-রসিদ ও নিরাপত্তা, নির্ভুল হিসাব সংরক্ষণ, OTR/PAR সূচকের উন্নয়ন এবং নৈতিক মানদণ্ড বজায় রেখে বকেয়া পুনরুদ্ধারের নানামুখী কৌশল শেখানো হচ্ছে।
আয়োজকদের প্রত্যাশা—এ প্রশিক্ষণের ফলে ফিল্ড অফিসারদের দক্ষতা ও পেশাগত সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে, যা মাঠপর্যায়ে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও আধুনিক মাইক্রোফাইন্যান্স সেবা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবে।
ত/জু



