সাতক্ষীরার উপকূলে কারিতাসের প্রকল্পে বেনগোর প্রতিনিধিরা

আশাশুনির প্রতাপনগরে কারিতাসের দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজন প্রকল্প পরিদর্শন; ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর সহনশীলতার বাস্তব চিত্র দেখলেন জার্মান সংস্থার প্রতিনিধিরা।

কারিতাস বাংলাদেশের দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজন (ডিআরআর অ্যান্ড সিসিএ) প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেছেন বেনগোর (Bengo) দুই প্রতিনিধি জুলিয়া শুৎসে ও কাথারিনা ইফল্যান্ড। ১৫ অক্টোবর ২০২৬ তাঁরা সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নে যান, যা প্রকল্পের অন্যতম প্রধান উপকূলীয় কার্যক্রম এলাকা।

সফরে প্রতিনিধিদের সঙ্গে ছিলেন কারিতাস বাংলাদেশের পরিচালক (কর্মসূচি) অপূর্ব ম্রং, কারিতাস খুলনা অঞ্চলের আঞ্চলিক পরিচালক আলবিনো নাথ, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান আলেকজান্ডার ত্রিপুরা এবং কেন্দ্রীয় ও আঞ্চলিক কার্যালয়ের অন্য কর্মকর্তারা।

পরিদর্শনে প্রতিনিধিরা জলবায়ু-ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর চ্যালেঞ্জ সম্পর্কে সরাসরি ধারণা পান। একই সঙ্গে সম্প্রদায়ভিত্তিক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজন কার্যক্রম কীভাবে দুর্যোগ প্রস্তুতি, কমিউনিটির সহনশীলতা ও অভিযোজন সক্ষমতা বাড়াচ্ছে, তা দেখেন। প্রকল্পের মূল অর্জনের পাশাপাশি এলাকার মানুষ যেসব চ্যালেঞ্জের মুখে পড়ছেন, সেগুলোও তাঁরা জানতে পারেন। এসব চ্যালেঞ্জের মধ্যে রয়েছে নদীভাঙন, বাঁধের দুর্বল অংশ, জোয়ারের পানিতে প্লাবন, জলাবদ্ধতা, লবণাক্ততার অনুপ্রবেশ এবং জীবিকা ও কমিউনিটির অবকাঠামোয় বিপর্যয়।

স্থানীয় বাসিন্দা, ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য, স্থানীয় প্রতিষ্ঠান, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) স্বেচ্ছাসেবক ও প্রকল্পের সহায়তাপ্রাপ্ত অন্যান্য দলের সঙ্গে সরাসরি আলাপে প্রতিনিধিরা জানতে পারেন, এলাকার মানুষ কীভাবে ঝুঁকি চিহ্নিত করেন, স্থানীয় সমাধানকে অগ্রাধিকার দেন, সম্পদ সংগ্রহ করেন এবং সহনশীলতা গড়ার পদক্ষেপ টিকিয়ে রাখেন।

প্রতিনিধিরা প্রকল্পের সহায়তায় তৈরি স্বল্পব্যয়ের ঘর, পানির উৎস এবং সংস্কার করা একটি বহুমুখী দুর্যোগ আশ্রয়কেন্দ্রও ঘুরে দেখেন। এসব উদ্যোগ কীভাবে নিরাপদ বাসস্থান, প্রয়োজনীয় সেবা পাওয়ার সুযোগ এবং দুর্যোগ প্রস্তুতি বাড়াচ্ছে, তা তাঁরা সরেজমিনে দেখেন।

কারিতাস জানায়, সম্মিলিত উদ্যোগে জলবায়ু-ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর সহনশীলতা জোরদার করা এবং তাদের জন্য আরও নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়ে তোলাই প্রকল্পের লক্ষ্য।

ত/জু

ফেসবুকে যুক্ত থাকুন