স্থানীয় নেতৃত্বে উন্নয়নে সিপের সঙ্গে কনসার্নের আলোচনা

কনসার্ন ওয়ার্ল্ডওয়াইডের গ্লোবাল অ্যাডভাইজার (লোকালাইজেশন অ্যান্ড পার্টনারশিপ) অ্যান্ড্রু ক্লেনাঘান সিপ (SEEP) কার্যালয় পরিদর্শন করেছেন। আয়ারল্যান্ডের ডাবলিনভিত্তিক এই কর্মকর্তা শনিবার (১৭ অক্টোবর ২০২৬) সংস্থার প্রধান কার্যালয়ে গিয়ে নির্বাহী পরিচালক মো. ফজলুল হক চৌধুরীর সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে কনসার্ন ওয়ার্ল্ডওয়াইডের সঙ্গে সিপের অংশীদারত্বের পথচলা এবং স্থানীয় নেতৃত্বে পরিচালিত উদ্যোগ নিয়ে আলোচনা হয়। আয়োজকরা জানান, এই সফর সহযোগিতা জোরদার করা, অভিজ্ঞতা বিনিময় এবং অংশীদারত্ব ও স্থানীয়করণ এগিয়ে নেওয়ার কৌশলগত অগ্রাধিকার নিয়ে আলোচনার একটি মূল্যবান সুযোগ তৈরি করেছে।

সফরকালে সংশ্লিষ্ট দল ও অংশীজনদের সঙ্গে চলমান কার্যক্রম, প্রধান অর্জন, চ্যালেঞ্জ এবং স্থানীয় অংশীদারত্ব বাড়ানো ও স্থানীয় নেতৃত্বে উন্নয়ন উৎসাহিত করার সুযোগ নিয়েও আলোচনা হয়। আলোচনায় স্থানীয় সংস্থাগুলোর সক্ষমতা বৃদ্ধি, সমতাভিত্তিক অংশীদারত্ব গড়ে তোলা এবং টেকসই ও প্রেক্ষাপটভিত্তিক সমাধান নিশ্চিত করার গুরুত্ব পুনর্ব্যক্ত করা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন কনসার্ন ওয়ার্ল্ডওয়াইডের অংশীদারত্ব ও স্থানীয়করণ উপদেষ্টা নাভিদ ফেরদৌস, সিপের উপনির্বাহী পরিচালক তোহমিনা জেসমিন মিতা, কর্মসূচি পরিচালক মো. আনোয়ার হোসেন, কর্মসূচি ব্যবস্থাপক মো. তারিক গাদ্দাফি, সিপ-ইউজিজিপির কর্মসূচি সমন্বয়কারী রুহুল আমিন সিদ্দিকী এবং সংস্থার অন্য কর্মীরা।

ত/জু

ফেসবুকে যুক্ত থাকুন