ফকিরহাট কেন্দ্রীয় কালীমন্দিরে ‘সম্প্রীতির সমাবেশ’; গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান, পূজা উদযাপনে প্রশাসন ও পিএফজির সক্রিয় ভূমিকার তাগিদ।
‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ প্রত্যয়কে সামনে রেখে বাগেরহাটের ফকিরহাট কেন্দ্রীয় কালীমন্দিরে অনুষ্ঠিত হয়েছে ‘সম্প্রীতির সমাবেশ’। ১৬ সেপ্টেম্বর ২০২৬ দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের মিপস (MIPS) প্রকল্পের উদ্যোগে ফকিরহাট পিস ফ্যাসিলিটেটর গ্রুপের (পিএফজি) আয়োজনে এ সমাবেশ হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রকোনুজ্জামান। তিনি বলেন, “বাংলাদেশ ঐতিহাসিকভাবেই সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। নিজেদের স্বার্থে যেন আমরা সেই সম্প্রীতি নষ্ট না করি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজব ও অপপ্রচারে কেউ যেন বিভ্রান্ত না হন, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।”
তিনি আরও বলেন, দ্য হাঙ্গার প্রজেক্টের এ উদ্যোগ সময়োপযোগী ও প্রশংসনীয়। আসন্ন শারদীয় দুর্গাপূজা আনন্দমুখর ও নিরাপদে উদযাপনে উপজেলা প্রশাসনের পাশাপাশি পিএফজির সদস্যদেরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। ফকিরহাটে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সম্মিলিত উদ্যোগ অব্যাহত রাখার ওপরও তিনি গুরুত্ব দেন।
সমাবেশে ধর্মীয় সম্প্রীতি রক্ষা, গুজব প্রতিরোধ এবং সব সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্য জোরদারের আহ্বান জানানো হয়।
ত/জু



