গুগড়াছড়িতে সৌরশক্তিচালিত হিমাগারে কৃষকের নতুন ভরসা

খাগড়াছড়িতে সৌরবিদ্যুৎচালিত কমিউনিটি কোল্ড স্টোরেজ চালু; ৮ গ্রামের ৪০০ পরিবারের সবজি সংরক্ষণে সুযোগ, ফসল তোলার পরপরই কম দামে বিক্রির চাপ কমবে।

খাগড়াছড়ির গুগড়াছড়ি বাজারে সৌরবিদ্যুৎচালিত একটি কমিউনিটি কোল্ড স্টোরেজ চালু হয়েছে। শুক্রবার কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের (টিএমইডি) সচিব দাউদ মিয়া, এনডিসি, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের উপস্থিতিতে হিমাগার সুবিধা কেন্দ্রটির উদ্বোধন করেন।

অনুষ্ঠানে কারিগরি বিশেষজ্ঞ নিতু প্রসাদ চাকমা ব্যাখ্যা করেন, গ্রিডবিহীন এই ব্যবস্থায় সৌরবিদ্যুৎ, ব্যাটারিতে মজুত এবং তাপমাত্রা-নিয়ন্ত্রিত হিমায়ন একসঙ্গে কীভাবে কাজ করে। ইতিমধ্যে কৃষকরা সেখানে সবজি সংরক্ষণ শুরু করেছেন।

এত দিন পার্বত্য চট্টগ্রামের অনেক উৎপাদককে ফসল তোলার পরপরই দাম কম থাকলেও বিক্রি করে দিতে হতো। নতুন এই সুবিধায় কৃষকরা কখন বিক্রি করবেন, তা নিয়ে সিদ্ধান্তের সুযোগ বেশি পাবেন। এতে ফসল নষ্ট হওয়া কমবে, মান ভালো থাকবে এবং ক্রেতা ও প্রক্রিয়াজাতকারীদের সঙ্গে যোগাযোগ শক্তিশালী হবে।

আয়োজকরা জানান, সুবিধাটি আটটি গ্রামের ৪০০ পরিবারের প্রায় ১ হাজার ৩৫০ মানুষের উপকারে আসবে। এটি পরিচালনা করবে সাত সদস্যের একটি কমিউনিটি ব্যবস্থাপনা কমিটি, যাতে দুজন নারী রয়েছেন। নারী ও তরুণদের জন্যও এখানে কাজের সুযোগ থাকবে।

আইএলও বাংলাদেশের ‘প্রোগ্রেস’ (ProGRESS) প্রকল্পের আওতায় গড়ে ওঠা এই হিমাগারের বাস্তবায়নকারী খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ। অর্থায়ন করেছে ঢাকায় কানাডার হাইকমিশন।

ত/জু

ফেসবুকে যুক্ত থাকুন