টেকনাফে আন্তর্জাতিক দুর্যোগ ঝুঁকি হ্রাস দিবসে এফআইভিডিবির র্যালি ও আলোচনা সভা; জলাবদ্ধতা ও ঘূর্ণিঝড়ে করণীয় নিয়ে দিকনির্দেশনা সিআইসির।
আন্তর্জাতিক দুর্যোগ ঝুঁকি হ্রাস দিবস উপলক্ষে টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা করেছে ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি)। বাস্তুচ্যুত রোহিঙ্গাদের ক্যাম্প-২৪, ২৫ ও ২৭ এবং হ্নীলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জালিয়াপাড়ায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন ক্যাম্প-২৪-এর ক্যাম্প-ইন-চার্জ (সিআইসি) ও উপসচিব খানজাদা শাহরিয়ার বিন মান্নান। দুর্যোগ ঝুঁকি সম্পর্কে সচেতনতা বাড়ানো, আগাম প্রস্তুতি জোরদার করা এবং স্থানীয় পর্যায়ে সম্মিলিত উদ্যোগকে উৎসাহিত করার লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন কমিউনিটিভিত্তিক সংগঠনের (সিবিও) সদস্যরা অংশ নেন। আলোচনায় দুর্যোগ ঝুঁকি হ্রাস, প্রস্তুতি এবং কমিউনিটির সক্ষমতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরা হয়।
সিআইসি দুর্যোগ প্রস্তুতি ও ঝুঁকি মোকাবিলায় কমিউনিটির ভূমিকা নিয়ে অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি দুর্যোগপূর্ব প্রস্তুতির গুরুত্ব তুলে ধরে বলেন, বৃষ্টিজনিত জলাবদ্ধতার সময় ঘরের প্রয়োজনীয় ও মূল্যবান সামগ্রী নিরাপদে রাখতে হবে। এ জন্য জিনিসপত্র উঁচু ও নিরাপদ স্থানে সংরক্ষণের নির্দেশনা দেন তিনি।
ঘূর্ণিঝড় বা দুর্যোগের তীব্রতা বাড়লে করণীয় সম্পর্কেও সিআইসি আলোচনা করেন। এ ক্ষেত্রে নিকটবর্তী সাইক্লোন শেল্টারে আশ্রয় নেওয়া এবং স্মার্ট কার্ড, সিম কার্ডসহ গুরুত্বপূর্ণ নথিপত্র নিরাপদে রাখার পরামর্শ দেন। গর্ভবতী নারী, শিশু, প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও তিনি আলোচনা করেন।
জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন মন্ত্রণালয়ের (বিএমজেড) আর্থিক সহায়তায় পরিচালিত ‘সিগা’ (বিজিডি-১০৬৩) প্রকল্পে ওয়েলথাঙ্গারহিলফে (ডব্লিউএইচএইচ) বাংলাদেশ কারিগরি সহযোগী হিসেবে এবং এফআইভিডিবি বাস্তবায়নকারী সংস্থা হিসেবে কাজ করছে।
ত/জু



