সনদ পেলেন ২৯ ফ্যাক্টরি অ্যাম্বাসেডর

বেটার ওয়ার্ক বাংলাদেশের এক বছরের প্রশিক্ষণ শেষ; পোশাক কারখানার ২৯ কর্মীর হাতে সনদ, পদোন্নতি পেয়েছেন কয়েকজন।

পোশাক শিল্পের কারখানাগুলোর অভ্যন্তরীণ সক্ষমতা বাড়াতে এক বছরের নিবিড় প্রশিক্ষণ কর্মসূচি শেষ করেছেন ২৯ জন কারখানা-পেশাজীবী। এঁদের মধ্যে ১৪ জন নারী ও ১৫ জন পুরুষ। ১২ অক্টোবর ঢাকায় আয়োজিত ‘লার্নিং রিফ্লেকশন অ্যান্ড সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন’ অনুষ্ঠানে তাঁদের হাতে ‘ফ্যাক্টরি অ্যাম্বাসেডর প্রোগ্রাম’-এর সনদ তুলে দেয় বেটার ওয়ার্ক বাংলাদেশ (বিডব্লিউবি)। কর্মসূচির সুবাদে এঁদের কয়েকজন কর্মক্ষেত্রে পদোন্নতিও পেয়েছেন।

কর্মসূচিটি তিন ধাপে পরিচালিত হয়। প্রথম ধাপ ‘শেখা’ (প্রথম থেকে তৃতীয় মাস), যেখানে অংশগ্রহণকারীরা কেস স্টাডি, দলগত কাজ ও উপস্থাপনার মাধ্যমে শেখেন। দ্বিতীয় ধাপ ‘প্রয়োগ’ (চতুর্থ থেকে নবম মাস), যেখানে তাঁরা নিজ নিজ কারখানার জন্য উন্নয়ন কর্মপরিকল্পনা তৈরি করেন এবং বিডব্লিউবির এন্টারপ্রাইজ অ্যাডভাইজারদের কোচিংয়ে তা বাস্তবায়ন করেন। তৃতীয় ধাপ ‘টেকসই উন্নয়ন’ (নবম থেকে দ্বাদশ মাস), যেখানে অগ্রগতি পর্যালোচনা, অভিজ্ঞতা বিশ্লেষণ ও মতামত গ্রহণ করা হয়। পুরো সময়ে তাঁরা কর্মক্ষেত্র মূল্যায়ন, উন্নয়ন ও পরিপালন এবং নেতৃত্ব ও সহায়তাদানের দক্ষতা অর্জন করেন।

কর্মসূচির প্রভাবের কথা জানাতে গিয়ে একজন অ্যাম্বাসেডর বলেন, “আমার সবচেয়ে বড় অর্জন সহকারী ব্যবস্থাপক থেকে বিভাগীয় প্রধান হিসেবে পদোন্নতি। আমি বিশ্বাস করি, বিডব্লিউবি আমার চিন্তাশক্তি ও দক্ষতা উন্নত করতে সাহায্য করেছে, যা এই সাফল্যে ভূমিকা রেখেছে।”

আরেকজন জানান, কর্মসূচি তাঁর জ্ঞান, যোগাযোগ, নেতৃত্ব ও আত্মবিশ্বাস বাড়িয়েছে, যার ফলে তিনি পদোন্নতি ও নতুন চাকরির প্রস্তাব পেয়েছেন। তৃতীয় একজন বলেন, বিডব্লিউবি তাঁর সাক্ষাৎকার ও নথি পর্যালোচনার দক্ষতা জোরদার করেছে, যা কারখানার কার্যক্রমে নতুন চ্যালেঞ্জ নেওয়ার অনুপ্রেরণা বাড়িয়েছে।

আয়োজকরা জানান, ফ্যাক্টরি অ্যাম্বাসেডর প্রোগ্রাম কারখানাগুলোকে নিজেদের উন্নয়ন প্রক্রিয়ার মালিকানা নিতে সহায়তা করে। এর মাধ্যমে কারখানার অভ্যন্তরীণ সক্ষমতা তৈরি হয় এবং শক্তিশালী দ্বিপাক্ষিক কাঠামোর মাধ্যমে কর্মক্ষেত্রের সমস্যা সরাসরি কারখানার ফ্লোরেই সমাধান করা যায়। বিডব্লিউবির নিজস্ব কার্যক্রমের বাইরেও বাংলাদেশে শ্রম পরিপালনে দক্ষ জনবলের ভান্ডার বাড়ানোর যে ম্যান্ডেট প্রতিষ্ঠানটির রয়েছে, এটি তার গুরুত্বপূর্ণ অংশ।

ত/জু

ফেসবুকে যুক্ত থাকুন