হাত ধোয়ায় প্রাণ বাঁচানোর আহ্বান

বিশ্বজুড়ে প্রতিবছর আনুমানিক ৫ লাখ মানুষ ডায়রিয়া বা তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণে মারা যাচ্ছে, যা সঠিক নিয়মে ও সময়মতো হাত ধোয়ার মাধ্যমে প্রতিরোধ করা সম্ভব। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ভালো হাত স্বাস্থ্যবিধি অনুসরণ করলে এসব মৃত্যুর একটি বড় অংশ এড়ানো যেতে পারে।

অস্বাস্থ্যকর পানি, স্যানিটেশন ও হাত স্বাস্থ্যবিধির কারণে বিশ্বে প্রতি বছর প্রায় ১০ লাখ মানুষ ডায়রিয়ায় মারা যায়। এর মধ্যে অনিরাপদ পানির কারণে প্রায় ৫ লাখ ৫ হাজার ডায়রিয়াজনিত মৃত্যু হয় এবং অপর্যাপ্ত হাত স্বাস্থ্যবিধির কারণে প্রায় ৩ লাখ ৮৪ হাজার মৃত্যু হয়।

তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণও বৈশ্বিক স্বাস্থ্যঝুঁকির অন্যতম কারণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে, অপর্যাপ্ত হাত স্বাস্থ্যবিধির কারণে বছরে প্রায় ৩ লাখ ৫৬ হাজার মানুষ তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণে মারা যায়।

সাবান দিয়ে অন্তত ২০ সেকেন্ড হাত ধোয়া জীবাণু দূর করতে বেশি কার্যকর। হাতের তালু, পিঠ, আঙুলের ফাঁক এবং নখের নিচ ভালোভাবে ঘষে ধুতে হবে; এরপর পরিষ্কার পানিতে ধুয়ে পরিষ্কার কাপড় বা টিস্যু দিয়ে হাত শুকাতে হবে।

গবেষণায় দেখা গেছে, সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস ডায়রিয়ার ঝুঁকি ২৩ থেকে ৪০ শতাংশ এবং শ্বাসযন্ত্রের রোগের ঝুঁকি ১৬ থেকে ২১ শতাংশ পর্যন্ত কমাতে পারে।

কখন হাত ধোবেন
খাবার তৈরি বা খাওয়ার আগে

  • টয়লেট ব্যবহারের পর
  • শিশুর ডায়াপার পরিবর্তনের পর
  • অসুস্থ ব্যক্তির সেবা দেওয়ার আগে ও পরে
  • কাশি, হাঁচি বা নাক ফোঁটার পর
  • বাইরে থেকে ফিরে এবং ময়লা বা রাস্তার ধুলা স্পর্শের পর

সাবান ও পরিষ্কার পানি না থাকলে অন্তত ৬০ শতাংশ অ্যালকোহলযুক্ত হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা যেতে পারে। তবে হাতে দৃশ্যমান ময়লা থাকলে সাবান ও পানি দিয়ে হাত ধোয়াই সর্বোত্তম।

ত/জু

ফেসবুকে যুক্ত থাকুন