ইএসডিও-এর উদ্যোগে টেকসই জীবিকায়ন প্রশিক্ষণ

জলবায়ু-সহনশীল টেকসই জীবিকা নিশ্চিত করতে লালমনিরহাট পৌরসভার প্রান্তিক জনগোষ্ঠীর জন্য দুই দিনব্যাপী টেকসই জীবিকায়ন ও গবাদিপশু পালন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আইসিএলই সাউথ এশিয়ার সহযোগিতায় ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) বাস্তবায়িত ‘সিডিকেএন নলেজ টু অ্যাকশন (কে২এ)’ প্রকল্পের আওতায় ১৭-১৮ অক্টোবর ২০২৬ লালমনিরহাট উপজেলা প্রাণিসম্পদ অফিসের হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঝুঁকিতে থাকা প্রান্তিক জনগোষ্ঠীর দক্ষতা বৃদ্ধি করা এবং আয়বর্ধক ও টেকসই জীবিকার সুযোগ তৈরি করা। গবাদিপশু পালন, পশুস্বাস্থ্য ব্যবস্থাপনা ও আধুনিক পালন পদ্ধতি বিষয়ে উপকারভোগীদের ব্যবহারিক দিকনির্দেশনা দেওয়া হয়।

প্রশিক্ষক হিসেবে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও ভেটেরিনারি সার্জন অংশ নেন। তারা উপকারভোগীদের পশুপালনে স্বাস্থ্যসম্মত ব্যবস্থাপনা, খাদ্য ব্যবস্থাপনা এবং আয় বাড়ানোর কৌশল সম্পর্কে পরামর্শ দেন।

প্রশিক্ষণের সমাপনী দিনে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ লালমনিরহাটের উপ-পরিচালক ও লালমনিরহাট পৌরসভার প্রশাসক মোছাঃ আফরোজা খাতুন। তিনি উপকারভোগীদের প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান বাস্তবে প্রয়োগ এবং আয়বর্ধক কার্যক্রমে সক্রিয় থাকার নির্দেশনা দেন।

তিনি বলেন, প্রশিক্ষণ শুধু জ্ঞান অর্জনের মাধ্যম নয়; এটিকে পরিবারের আয় বৃদ্ধি, দারিদ্র্য হ্রাস ও জলবায়ু ঝুঁকি মোকাবিলার কার্যকর হাতিয়ারে পরিণত করতে হবে।

‘সিডিকেএন নলেজ টু অ্যাকশন (কে২এ)’ প্রকল্পটি লালমনিরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাপটানা আশ্রয়ণ-২ এলাকায় বাস্তবায়িত হচ্ছে। এ এলাকা তিস্তা নদীর প্লাবনভূমিতে অবস্থিত এবং ঋতুভিত্তিক বন্যা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে রয়েছে।

প্রকল্পের মাধ্যমে ঝুঁকিপূর্ণ পরিবারগুলোকে দক্ষতা উন্নয়ন, জীবিকার উপকরণ, বাজারের সঙ্গে সংযোগ এবং কমিউনিটি-ভিত্তিক জলবায়ু অভিযোজন ব্যবস্থার সঙ্গে যুক্ত করা হচ্ছে। এর ফলে দারিদ্র্য, বেকারত্ব ও জলবায়ুজনিত ঝুঁকি মোকাবিলার পাশাপাশি মানুষের আয়, সহনশীলতা ও জীবনমান উন্নত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

ত/জু

ফেসবুকে যুক্ত থাকুন