খাগড়াছড়ি সদরের ভাইবনছড়ার ছোটবাড়ি পাড়ায় প্রায় ৩৫০টি পরিবার মরিচ, হলুদ, ধানসহ বিভিন্ন ফসল উৎপাদন করে। কিন্তু গ্রামটি দুর্গম হওয়ায় অনেক কৃষককে বাজারে পণ্য পৌঁছাতে মধ্যস্বত্বভোগীর ওপর নির্ভর করতে হয়। ফলে ফসলের একটি অংশ বিক্রির আগেই নষ্ট হয়ে যায়।
এ পরিস্থিতি বদলাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ছোটবাড়ি পাড়া শেয়ার্ড সার্ভিস ফ্যাসিলিটিস সেন্টার (এসএসএফসি)। এখানে কৃষক, কারিগর ও ক্ষুদ্র উৎপাদকরা একসঙ্গে পেষাই, শুকানো ও প্যাকেজিং যন্ত্র ব্যবহার করতে পারবেন—যেসব যন্ত্র তারা এককভাবে কিনতে পারতেন না।
এই কেন্দ্র ফসলের পরবর্তী ক্ষতি কমাতে এবং স্থানীয় পণ্যের গুণগত মান বজায় রাখতে সহায়তা করবে। ভালোভাবে শুকানো, পেষাই ও প্যাকেজিংয়ের মাধ্যমে পণ্যের মান বাড়বে, যা কৃষকদের বৃহত্তর বাজারে পণ্য পৌঁছাতে এবং ভালো দাম পেতে সহায়তা করবে।
এটি মধ্যস্বত্বভোগীর ওপর নির্ভরতা কমাবে এবং বিশেষ করে নারী ও তরুণদের জন্য প্রশিক্ষণ ও আয়ের নতুন সুযোগ তৈরি করবে। স্থানীয় কৃষিপণ্যে মূল্য সংযোজনের এ ধরনের উদ্যোগ আইএলও-র উদ্যোগ, দক্ষতা উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক মূল্য শৃঙ্খল বিকাশের লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
এসএসএফসি কেন্দ্রটি কমিউনিটির মালিকানাধীন ও পরিচালিত হবে। একটি নয় সদস্যের ব্যবস্থাপনা কমিটি কেন্দ্রের সার্বিক কার্যক্রম তত্ত্বাবধান করবে, আর একজন স্থানীয় পরিচালক দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করবেন।
স্থানীয় ব্যবহারকারীদের জন্য সেবার মাশুল সাশ্রয়ী রাখা হবে। একই সঙ্গে আয়ের একটি অংশ সংরক্ষণ করে কেন্দ্রের মেরামত ও রক্ষণাবেক্ষণে ব্যয় করা হবে, যাতে এটি দীর্ঘদিন কার্যকরভাবে চলতে পারে।
উদ্যোগটি আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ‘প্রগ্রেস’ প্রকল্পের সহায়তায় বাস্তবায়িত হচ্ছে। বাংলাদেশ সরকার ও স্থানীয় অংশীজনদের সঙ্গে যৌথভাবে প্রকল্পটি পরিচালিত হচ্ছে, আর এর অর্থায়নে রয়েছে কানাডা সরকার।
‘প্রমোটিং জেন্ডার-রেসপনসিভ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট অ্যান্ড টিভিইটি সিস্টেমস’ বা সংক্ষেপে প্রগ্রেস প্রকল্পটি নারী, তরুণ, প্রতিবন্ধী এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য দক্ষতা, উদ্যোক্তা ও মর্যাদাপূর্ণ কাজের সুযোগ বাড়াতে কাজ করছে। খাগড়াছড়ি প্রকল্পের অগ্রাধিকার এলাকাগুলোর একটি, যেখানে কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ও স্থানীয় উদ্যোগ উন্নয়নে সহায়তা দেওয়া হচ্ছে।
ছোটবাড়ি পাড়ার কৃষক পরিবারগুলোর জন্য এই কেন্দ্র শুধু যন্ত্রপাতির সুবিধা নয়; এটি ভালো ফসলকে ন্যায্য আয়, বৃহত্তর বাজারে প্রবেশ এবং আরও টেকসই জীবিকায় রূপান্তরের একটি পদক্ষেপ।
ত/জু



