অসচ্ছল ২০ পরিবারের হাতে অটোরিকশা

জামালপুরে অসচ্ছল ২০ পরিবারের মাঝে বিনামূল্যে অটোরিকশা বিতরণ করেছে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি। কর্মসংস্থান সৃষ্টি, আয় বৃদ্ধি ও অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করার লক্ষ্যে দেওয়া এই অটোরিকশাগুলো পরিবারগুলোর জন্য নতুন আয়ের পথ খুলে দেবে বলে আশা করা হচ্ছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) জামালপুর বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে অটোরিকশাগুলো বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিন কহিনুর আলম চৌধুরী। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বিতরণকৃত অটোরিকশাগুলো ২০টি পরিবারের জন্য শুধু একটি যানবাহন নয়, বরং নিয়মিত উপার্জন, আত্মনির্ভরশীলতা ও সুন্দর ভবিষ্যৎ গড়ার নতুন সম্ভাবনা। এর মাধ্যমে অসচ্ছল পরিবারগুলো নিজেদের প্রচেষ্টায় আয় বাড়াতে এবং দারিদ্র্য কাটিয়ে ওঠার সুযোগ পাবে।

দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি দীর্ঘদিন ধরে জামালপুরে শিক্ষা, স্বাস্থ্য, পানি ও স্যানিটেশন, খাদ্য সহায়তা, প্রতিবন্ধী পুনর্বাসন এবং অর্থনৈতিক ক্ষমতায়নসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে।

সংস্থাটি বিশ্বাস করে, মানুষের হাতে কাজের সুযোগ তুলে দেওয়াই টেকসই পরিবর্তনের অন্যতম পথ। সম্প্রতি জামালপুরে সংস্থাটি ১০০ অসচ্ছল নারীর মাঝেও সেলাই মেশিন বিতরণ করেছে, যা নারীদের আত্মকর্মসংস্থান ও পারিবারিক আয় বৃদ্ধিতে সহায়তা করবে।

দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি জানিয়েছে, মানুষের মুখে হাসি ফোটাতে এবং পরিবারগুলোকে স্বাবলম্বী করে তুলতে এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।

ত/জু

ফেসবুকে যুক্ত থাকুন