স্যানিটেশন ঋণে নিরাপদ টয়লেটের পথ খুলছে

নিরাপদ স্যানিটেশন নিশ্চিতকরণ ও ঋণ সুবিধা বিষয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে রংপুরে। ইএসডিও ও ফিনিশ মন্ডিয়ালের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় স্বাস্থ্যসম্মত টয়লেট নির্মাণ, বর্জ্য ব্যবস্থাপনা এবং সহজ শর্তে স্যানিটেশন ঋণ প্রদানের কৌশল নিয়ে আলোচনা করা হয়।

২৪ অক্টোবর ২০২৬ রংপুরের ইএসডিও-সিলভার জুবিলী ভবনে দিনব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ইএসডিওর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামানের পক্ষে হেড অফ মাইক্রোফাইন্যান্স মোঃ মাহবুবুল হক কর্মশালার শুভ উদ্বোধন করেন।

প্রধান ফ্যাসিলিটেটর হিসেবে ফিনিশ মন্ডিয়ালের হেড, রিসোর্স মোবিলাইজেশন অ্যান্ড ফিন্যান্সিয়াল ইনক্লুশন মোঃ মজিবর রহমান গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করেন। কর্মশালায় স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব টয়লেট নির্মাণ, বর্জ্য সংগ্রহ, খালি করা, পরিবহন, পরিশোধন ও পুনর্ব্যবহার এবং অনিরাপদ টয়লেটের অপকারিতা নিয়ে আলোচনা করা হয়।

এ ছাড়া বন্যা ও পরিবেশগত ঝুঁকি মোকাবিলায় টেকসই প্রযুক্তির ব্যবহারে জলবায়ু-সহনশীল টয়লেট নির্মাণ এবং সাধারণ মানুষের সুবিধার্থে সহজ শর্ত ও স্বল্প সময়ে কিস্তিতে স্যানিটেশন ঋণ প্রদানের বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়।

বাংলাদেশে মল-মূত্র উন্মুক্তে শৌচের প্রথা প্রায় নির্মূল হলেও দুই-তৃতীয়াংশ পরিবার এখনো নিরাপদভাবে ব্যবস্থাপিত টয়লেট ও বর্জ্য চিকিৎসা ব্যবস্থার আওতার বাইরে রয়েছে। অধিকাংশ বর্জ্য পরিবেশে অপরিশোধিত অবস্থায় ফেলে দেওয়া হয়।

ফিনিশ মন্ডিয়াল মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করে পরিবার ও স্যানিটেশন উদ্যোক্তাদের জন্য ঋণ সুবিধা তৈরি করছে। এর মাধ্যমে স্বল্প আয়ের পরিবারগুলো ছোট কিস্তিতে নিরাপদ টয়লেট নির্মাণের সুযোগ পাচ্ছে এবং স্থানীয় স্যানিটেশন উদ্যোক্তারাও ব্যবসা সম্প্রসারণ করতে পারছে।

কর্মশালায় ইএসডিওর হেড অফ ট্রেনিং, ডকুমেন্টেশন, পাবলিকেশন্স অ্যান্ড সোশ্যাল মিডিয়া মোঃ আমির হোসেন, রংপুরের রিজিওনাল ম্যানেজার মোঃ আইয়ুব আলী, রিজিওনাল ফাইন্যান্স ম্যানেজার পলাশ কুমার রাহা, তিন জন এরিয়া ম্যানেজার এবং ১৭ জন শাখা ব্যবস্থাপক অংশ নেন।

প্রশিক্ষণের মাধ্যমে শাখা পর্যায়ের কর্মীরা স্যানিটেশন ঋণের শর্ত, গ্রাহক নির্বাচন, ঝুঁকি ব্যবস্থাপনা এবং জলবায়ু-সহনশীল টয়লেটের সুবিধা সম্পর্কে সচেতন হবেন। এর ফলে তৃণমূল পর্যায়ে স্যানিটেশন ঋণ সুবিধা আরও কার্যকরভাবে পৌঁছাবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

স্বাস্থ্যসম্মত ও নিরাপদ ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে ইএসডিও ও ফিনিশ মন্ডিয়াল এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে বলে জানানো হয়েছে।

ত/জু

ফেসবুকে যুক্ত থাকুন