হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুরের শিক্ষার্থীদের অংশগ্রহণে পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), বগুড়ায় ‘আরডিএ উদ্ভাবিত সবুজ পল্লী উন্নয়ন মডেল পরিদর্শন’ শীর্ষক তিন দিনব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।
২৪ থেকে ২৬ অক্টোবর ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের এগ্রিকালচারাল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিএসসি অ্যাগ্রি ইঞ্জিনিয়ারিং-এর লেভেল-৪, সেমিস্টার-১ ও সেমিস্টার-২ এর শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন।
কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আরডিএ বগুড়ার মহাপরিচালক ড. মোঃ আব্দুল মজিদ প্রামাণিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরডিএর পরিচালক (প্রশিক্ষণ) মোঃ দেলোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচারাল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোঃ হানানুর কবির এবং আরডিএর পরিচালক (কৃষিবিজ্ঞান) ড. মোঃ আবিদ হোসেন মৃধা। আরডিএর পক্ষ থেকে কর্মসূচিটি পরিচালনা করছেন উপপরিচালক ড. মোঃ আব্দুল কাদের।
কর্মসূচির আওতায় শিক্ষার্থীরা আরডিএর কৃষি প্রকৌশল ও প্রযুক্তি, আধুনিক কৃষি ব্যবস্থাপনা, পরিবেশবান্ধব প্রযুক্তি এবং টেকসই পল্লী উন্নয়ন কার্যক্রম সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা লাভ করছেন।
তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি মাঠপর্যায়ে ব্যবহারিক অভিজ্ঞতা অর্জন, উদ্ভাবনী প্রযুক্তির সঙ্গে পরিচিতি এবং কৃষি ও পল্লী উন্নয়নের পারস্পরিক সম্পর্ক অনুধাবন করাই এ পরিদর্শন কর্মসূচির অন্যতম লক্ষ্য।
এ ধরনের শিক্ষা ও প্রশিক্ষণমূলক কর্মসূচি শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি আধুনিক কৃষি প্রযুক্তি এবং টেকসই পল্লী উন্নয়নে ভবিষ্যৎ পেশাগত ভূমিকা পালনে সহায়ক হবে বলে আশা করা যাচ্ছে।
পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), বগুড়া গ্রামীণ উন্নয়ন ও প্রযুক্তিনির্ভর সমৃদ্ধির অগ্রযাত্রায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
ত/জু



