সংগ্রাম-এর উদ্যোগে বরগুনা শহরের কলেজ ব্রাঞ্চ রোডস্থ চৌধূরী গার্ডেনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বরিশালের ইস্পাহানি ইসলামিয়া চক্ষু হাসপাতালের সহযোগিতায় সংগ্রামের স্বাস্থ্যসেবা কার্যক্রমের আওতায় এ ক্যাম্পের আয়োজন করা হয়।
সোমবার (২৬ অক্টোবর) অনুষ্ঠিত ক্যাম্পে ইস্পাহানি ইসলামিয়া চক্ষু হাসপাতাল থেকে আগত ডা. ইভা বিশ্বাস ১৭২ জন রোগীকে বিনামূল্যে চোখের চিকিৎসা দেন।
ক্যাম্পে রোগীদের বিনামূল্যে ব্লাড প্রেশার ও ইউরিন সুগার টেস্টসহ চোখের বিভিন্ন পরীক্ষা করানো হয় এবং চশমা প্রদান করা হয়। পরীক্ষা শেষে এঁদের মধ্যে ২০ জনকে বিনামূল্যে ছানি অপারেশনের জন্য নির্বাচিত করা হয়েছে।
সংগ্রামের নির্বাহী পরিচালক চৌধূরী মুনীর হোসেন বলেন, ১৯৮৫ সালে প্রতিষ্ঠার পর থেকেই সংগ্রাম সর্ব দক্ষিণের দ্বীপ জেলাসহ বরিশাল বিভাগের অসহায়, হতদরিদ্র ও দুস্থ মানুষের জীবনমান উন্নয়ন ও সুস্থ জীবনযাপনের লক্ষ্যে নিরলসভাবে কাজ করছে।
এ লক্ষ্যে প্রতিবছর বরিশাল বিভাগের বিভিন্ন জেলা, উপজেলা ও গ্রামাঞ্চলে স্বাস্থ্য ক্যাম্প ও চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়। আজকের আয়োজনও এরই অংশ।
ক্রেডিট কার্যক্রমের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও স্যানিটেশনসহ নানা খাতে সরকারের সহযোগী হিসেবে সংগ্রাম দক্ষিণাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে।
ত/জু



