প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরকে সামনে রেখে ‘মুহুরি-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, সেচ ও পানি নিষ্কাশন’ প্রকল্পের উদ্বোধনস্থল এবং জনসভাস্থল পরিদর্শন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।
২৮ সেপ্টেম্বর ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ এবং পরশুরাম উপজেলার মির্জানগরের খোয়াঘাট এলাকা ঘুরে দেখেন। দুটি স্থানেই তিনি প্রস্তুতির সার্বিক খোঁজখবর নেন।
পরিদর্শনের সময় মন্ত্রী বলেন, সরকার গঠনের সাত মাসের মাথায় প্রধানমন্ত্রী ফেনী আসছেন, এজন্য তাঁরা আল্লাহর কাছে শুকরিয়া জানান। তিনি বলেন, ‘ফেনীর সঙ্গে তাঁর একটা সম্পর্ক রয়েছে। অতএব আমাদের যে দাবি-দাওয়া ও প্রত্যাশা রয়েছে, সেসব তিনি পূরণ করবেন।’ প্রধানমন্ত্রীর আগমনের মধ্য দিয়ে ফেনীবাসীর সমস্যার সমাধান হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
মন্ত্রী জানান, ১ অক্টোবরের সফরের পরও প্রধানমন্ত্রী ফেনীতে আবার আসবেন। তিনি বলেন, ‘মুছাপুর ক্লোজার প্রকল্প আজ একনেকে পাস হয়েছে। আগে মুহুরি-কহুয়া বাঁধের প্রকল্প পাস হয়েছিল।’ মুছাপুর ক্লোজারের নির্মাণকাজ শুরুর সময় উদ্বোধনে প্রধানমন্ত্রী আবার ফেনীতে আসবেন এবং তখন নোয়াখালীতেও যাবেন।
ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু জানান, বৃহস্পতিবার প্রধানমন্ত্রী প্রথমে পরশুরামে বাঁধ নির্মাণকাজের উদ্বোধন করবেন এবং সেখানে বৃক্ষরোপণ করবেন। বিকেলে ফুলগাজী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তিনি ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ, ইমাম-মুয়াজ্জিনদের ভাতা প্রদান, মেধাবীদের বৃত্তি প্রদান, কিডনি ও ক্যান্সার রোগীদের আর্থিক সহায়তা এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে টিন বিতরণসহ বিভিন্ন কার্যক্রমে অংশ নেবেন। পাশাপাশি আগামী দিনের উন্নয়ন নিয়ে বক্তব্য রাখবেন।
তিনি বলেন, ‘আমাদের প্রস্তুতি সম্পন্ন। প্রধানমন্ত্রীর আগমন আমাদের জন্য শুধু আনন্দের নয়, আশীর্বাদও।’
এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য রেহানা আক্তার রানু, জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম, পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা অতনু বড়ুয়া ও ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাউসার হামিদ। আরও ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পিপি এডভোকেট মেজবাহ উদ্দিন খান, আবু তালেব, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবউল্লাহ মানিক ও আনোয়ার হোসেন পাটোয়ারী, দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল, জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকার, সদস্য সচিব নইম উল্লাহ চৌধুরী বরাত এবং জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুনসহ নেতৃবৃন্দ।



