বিজয় দিবসে পূর্বাচলে দৌড়ের উৎসব

১৬ ডিসেম্বর ৩০০ ফিট সড়কে বাংলাদেশ ইন্টারন্যাশনাল ম্যারাথন ২০২৬; পাঁচ ক্যাটাগরিতে দৌড়, প্রথম স্থান অধিকারীর জন্য সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার। মহান বিজয় দিবসে ঢাকার পূর্বাচলের ৩০০ ফিট সড়কে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল ম্যারাথন ২০২৬। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং অ্যাথলিট স্পোর্টস গিয়ারের আয়োজনে ১৬ ডিসেম্বর ভোর ৪টা ৩০ মিনিটে শুরু হবে এই দৌড়। আয়োজনের মূল স্লোগান ‘এক দৌড়, এক হৃদয়, এক বাংলাদেশ’ (One Run. One Heart. One Bangladesh)।

দেশি-বিদেশি রানারদের অংশগ্রহণে আয়োজিত এই ম্যারাথনে থাকছে পাঁচটি ক্যাটাগরি। এর মধ্যে রয়েছে ৪২ দশমিক ১ কিলোমিটারের আন্তর্জাতিক ম্যারাথন, ২১ কিলোমিটারের হাফ ম্যারাথন, ১০ কিলোমিটারের চ্যালেঞ্জ রান, ৫ কিলোমিটারের কমিউনিটি রান এবং ২ কিলোমিটারের ফান অ্যান্ড ফ্যামিলি রান।

প্রতিটি ক্যাটাগরির প্রথম স্থান অধিকারীর জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছে। ৪২ দশমিক ১ কিলোমিটারে বিজয়ী পাবেন ২ লাখ টাকা, ২১ কিলোমিটারে ১ লাখ ৫০ হাজার টাকা, ১০ কিলোমিটারে ১ লাখ টাকা, ৫ কিলোমিটারে ৭৫ হাজার টাকা এবং ২ কিলোমিটারে ৫০ হাজার টাকা।

মূল প্রতিযোগিতার আগে তিন দিনব্যাপী আয়োজন সাজানো হয়েছে। ১৪ ডিসেম্বর রানারদের কিট বিতরণ ও এক্সপো কার্যক্রম হবে। ১৫ ডিসেম্বর হবে কনসার্ট ও ড্রোন শো। ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে মূল ম্যারাথন প্রতিযোগিতা।

আয়োজকরা জানান, এই আয়োজন দেশের রানিং কমিউনিটির জন্য হবে এক বিশেষ মিলনমেলা। দৌড়ের মাধ্যমে একটি শক্তিশালী বাংলাদেশ গড়ার বার্তা ছড়িয়ে দেওয়াই এর লক্ষ্য।

ত/জু

ফেসবুকে যুক্ত থাকুন