কৃষি শ্রমিকদের দ্রুত ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া

আসন্ন ফসল কাটার মৌসুমকে সামনে রেখে বিদেশি কৃষি শ্রমিকদের জন্য দ্রুত ভিসা প্রক্রিয়াকরণের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া সরকার। এই উদ্যোগের ফলে সম্ভাব্য শ্রমিক সংকট নিয়ে দেশটির কৃষক ও খামার মালিকদের মধ্যে থাকা উদ্বেগ অনেকটাই প্রশমিত হয়েছে।

বিশ্বের অন্যতম শীর্ষ গম, বার্লি ও ক্যানোলা রপ্তানিকারক দেশ অস্ট্রেলিয়ায় আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বিভিন্ন অঞ্চলে ফসল কাটার কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই সময়ে কৃষি খাতে বিপুল সংখ্যক বিদেশি মৌসুমি শ্রমিকের চাহিদা তৈরি হয়, যা দেশীয় শ্রমশক্তি দিয়ে পূরণ করা কঠিন হয়ে পড়ে।

তবে সম্প্রতি সামগ্রিক অভিবাসন নীতি কঠোর করার সিদ্ধান্তের পর দেশটিতে বিভিন্ন শ্রেণির ভিসা প্রক্রিয়াকরণে দীর্ঘসূত্রতা দেখা দেয়। আগে যেখানে কয়েক দিনের মধ্যেই ভিসা অনুমোদন পাওয়া যেত, বর্তমানে তা প্রক্রিয়াকরণে কয়েক মাস পর্যন্ত সময় লেগে যাচ্ছে। ফলে ফসল কাটার ভরা মৌসুমে প্রয়োজনীয় শ্রমিক সময়মতো পাওয়া নিয়ে দেখা দেয় গভীর উদ্বেগ।

এমন পরিস্থিতিতে কৃষি খাতের জন্য বিশেষ ব্যবস্থা চালু করেছে অস্ট্রেলিয়া সরকার। নতুন এই ব্যবস্থার আওতায় কৃষিভিত্তিক প্রতিষ্ঠানগুলো জরুরি প্রয়োজনীয়তা তুলে ধরে বিদেশি শ্রমিকদের ভিসা দ্রুত প্রক্রিয়াকরণের জন্য বিশেষ আবেদন করতে পারবে।

দেশটির কৃষক সংগঠনগুলোর নেতারা সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তাদের অভিমত, নতুন এই ব্যবস্থার ফলে ফসল কাটার উপযুক্ত সময়ে প্রয়োজন অনুযায়ী বিদেশি মৌসুমি শ্রমিক সংগ্রহ অনেক সহজ হয়ে উঠবে, যা কৃষি উৎপাদন ও রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রাখতে সহায়ক হবে।

অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষিকাজে বিশেষ দক্ষতাসম্পন্ন এবং ইতোমধ্যে কোনো খামার মালিকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন—এমন বিদেশি শ্রমিকদের ভিসা আবেদন প্রক্রিয়াকরণে অগ্রাধিকার দেওয়া হবে।

সার্বিকভাবে, দেশটির অভিবাসন নীতিতে কঠোরতা অব্যাহত থাকলেও কৃষি খাতে প্রয়োজনীয় শ্রমিক সরবরাহ নিশ্চিত করে ফসল কাটার মৌসুমে সম্ভাব্য বড় ধরনের সংকট এড়ানোই এই বিশেষ উদ্যোগের মূল লক্ষ্য বলে জানিয়েছে অস্ট্রেলিয়া সরকার।

সূত্র- রয়টার্স

ত/জু

ফেসবুকে যুক্ত থাকুন