জাতিসংঘে ইউনেস্কোর “ওয়ান ওশান” স্থাপনা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন উপলক্ষে বিশ্বনেতারা যখন নিউইয়র্কে সমবেত, ঠিক তখনই সমুদ্র সচেতনতাকে আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসতে “ওয়ান ওশান” (ONE OCEAN) শীর্ষক একটি বিশেষ শিল্প স্থাপনা উন্মোচন করেছে জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কো)। জাতিসংঘের সদর দপ্তরে স্থাপিত এই ইনস্টলেশনটি বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করছে।

বিশ্বখ্যাত ফ্যাশন হাউজ প্রাডা গ্রুপ (Prada Group)-এর “সি বিয়ন্ড” (SEA BEYOND) প্রকল্পের আওতায় ইউনেস্কোর সঙ্গে যৌথভাবে এই স্থাপনাটি তৈরি করা হয়েছে। এটি দর্শনার্থীদের একটি ভাবনা-উদ্দীপক যাত্রার মধ্য দিয়ে নিয়ে যায় — উপলব্ধি থেকে কর্মে রূপান্তরের পথে, যার মূলমন্ত্র: “শেখো, ভাবো, কাজ করো” (Learn. Think. Act.)।

উল্লেখযোগ্য বিষয় হলো, এই স্থাপনার মাধ্যমে বিশ্বের তরুণ সমাজের কণ্ঠস্বরও পৌঁছে দেওয়া হচ্ছে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে (#UNGA81)। সমুদ্রের ভবিষ্যৎ নিয়ে তরুণদের নানা প্রশ্ন ও উদ্বেগ সরাসরি বিশ্বের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সামনে তুলে ধরা হচ্ছে এই প্ল্যাটফর্মের মাধ্যমে।

ইউনেস্কোর আন্তঃসরকার সমুদ্রবিজ্ঞান কমিশনের (Intergovernmental Oceanographic Commission – IOC) মাধ্যমে সংস্থাটি বিশ্বব্যাপী সমুদ্র সম্পর্কিত জ্ঞান বৃদ্ধি এবং সামুদ্রিক পরিবেশ সুরক্ষায় কাজ করে যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের উদ্যোগ জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে সমুদ্র সুরক্ষার গুরুত্ব সম্পর্কে বিশ্বনেতাদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের কণ্ঠস্বরকে নীতিনির্ধারণী পর্যায়ে পৌঁছে দিতেও সহায়ক হবে।

ত/জু

ফেসবুকে যুক্ত থাকুন