৩৬ বছরে সর্বনিম্ন ট্রাম্পের জনপ্রিয়তা

আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিতব্য মধ্যবর্তী নির্বাচনের ঠিক আগমুহূর্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তায় নজিরবিহীন ধস নেমেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) প্রকাশিত টাইমস নাউয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ৩৬ বছরের ইতিহাসে মধ্যবর্তী নির্বাচনের আগে কোনো মার্কিন প্রেসিডেন্টের জনসমর্থন এতটা নিচে নামেনি।

ওয়াল স্ট্রিট জার্নালের সাম্প্রতিক জরিপ অনুযায়ী, বর্তমানে ট্রাম্পের প্রতি সমর্থন মাত্র ৩৭ শতাংশ, বিপরীতে তার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন ৬১ শতাংশ ভোটার। ১৯৯০ সাল থেকে চালু হওয়া জরিপ-ইতিহাসে এটিই মধ্যবর্তী নির্বাচনের প্রাক্কালে কোনো প্রেসিডেন্টের সর্বনিম্ন গ্রহণযোগ্যতার রেকর্ড।

দ্বিতীয় মেয়াদ শুরুর সময় ট্রাম্পের সমর্থন ছিল ৪৭ শতাংশ। তবে রয়টার্স ও ইপসোসের ২১ সেপ্টেম্বরের জরিপে তা নেমে দাঁড়ায় ৩২ শতাংশে—যা সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সর্বনিম্ন ৩৫ শতাংশ সমর্থনের রেকর্ডকেও ছাড়িয়ে যায়। বিশ্লেষকদের মতে, এই নিম্নমুখী প্রবণতার পেছনে মূল কারণ গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ইরান-যুক্তরাষ্ট্র সাত মাসব্যাপী সামরিক সংঘাত এবং জ্বালানি তেলের অনিয়ন্ত্রিত মূল্যবৃদ্ধি।

জরিপে দেখা গেছে, ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপে জনসমর্থন কমে দাঁড়িয়েছে মাত্র ৩১ শতাংশে, আর ৮৩ শতাংশ মার্কিন নাগরিক মনে করছেন—এই সংঘাত সহসা শেষ হচ্ছে না। জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে ট্রাম্প প্রশাসনের সক্ষমতার প্রতি আস্থাও নেমে এসেছে মাত্র ১৭ শতাংশে।

জনরোষ প্রশমনে ট্রাম্প জ্বালানি তেল কোম্পানিগুলোকে মূল্যবৃদ্ধির জন্য দায়ী করার পাশাপাশি নাগরিকদের জন্য পাঁচ হাজার ডলার পর্যন্ত বিশেষ ডিভিডেন্ড দেওয়ার প্রস্তাব দিয়েছেন। তবে বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচনের আগমুহূর্তে এই পদক্ষেপ ভোটারদের মন জয় করতে কতটা কার্যকর হবে, তা এখনো অনিশ্চিত।

ত/জু

ফেসবুকে যুক্ত থাকুন