বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে (বার্ড) বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার কর্মকর্তাদের জন্য আয়োজিত ১৯০তম বিশেষ বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সফল সমাপনী অনুষ্ঠিত হয়েছে। ১৪ অক্টোবর ২০২৬ তারিখে একাডেমি মিলনায়তনে এ সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বার্ড-এর মহাপরিচালক জনাব সাইফ উদ্দিন আহমেদ সভাপতি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ সম্পন্নকারী সকল কর্মকর্তাকে অভিনন্দন জানান। সভাপতির বক্তব্যে তিনি বলেন, প্রশাসনিক কার্যক্রম ও পেশাগত দায়িত্ব সঠিকভাবে পালনে বুনিয়াদী প্রশিক্ষণের গুরুত্ব অপরিসীম। চিকিৎসকেরা জনগণের সরাসরি সেবক উল্লেখ করে তিনি বলেন, সুস্থ, সুখী ও সমৃদ্ধ জাতি গঠনে ডাক্তারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করে সাধারণ মানুষের কাছে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে তিনি কর্মকর্তাদের আহ্বান জানান।
সমাপনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বার্ডের পরিচালক (প্রশিক্ষণ) ড. মোঃ মিজানুর রহমান।
উল্লেখ্য, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের ৫০ জন কর্মকর্তা এই বিশেষ বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেন। কোর্সটিতে পরিচালকের দায়িত্ব পালন করেন বার্ড-এর যুগ্মপরিচালক (প্রশাসন) জনাব জোনায়েদ রহিম এবং সহযোগী কোর্স পরিচালক ছিলেন উপপরিচালক জনাব আনাস আল ইসলাম। এ ছাড়া কোর্সের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন পরিচালক (রুটিন দায়িত্ব) মিজ আযমা মাহমুদা।
কোর্সের সার্বিক ফলাফল বিবেচনায় সেরা নৈপুণ্যের জন্য ‘ডিজি অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন যশোর জেলার চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. প্রদীপ্ত চৌধুরী।
ত/জু



