পাহাড়ে ভূমিকম্পের আঘাত, রাতভর উদ্বেগ

চীনের তিব্বত অঞ্চলে ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) স্থানীয় সময় রাত ১০টা ৩৩ মিনিটে আঘাত হানা ভূমিকম্পটি অনুভূত হয়েছে, তবে তাৎক্ষণিকভাবে বড় ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

চীন আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টার (সিইএনসি) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল উত্তর তিব্বতের নাগকু অঞ্চলের বাকেন কাউন্টিতে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

ভূমিকম্পের কেন্দ্রস্থল তিব্বতের রাজধানী লাসা থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে অবস্থিত। কেন্দ্রস্থলের পাঁচ কিলোমিটারের মধ্যে গড় উচ্চতা প্রায় ৪ হাজার ৮৬৪ মিটার—অর্থাৎ এটি জনবিরল ও উচ্চ পার্বত্য অঞ্চল।

সিইএনসি জানিয়েছে, স্থানীয় এলাকায় ভূমিকম্পটি স্পষ্টভাবে অনুভূত হয়েছে। তবে জনবিরল ও উঁচু অঞ্চল হওয়ায় ক্ষতির পরিমাণ এখনো পরিষ্কার নয়।

ভূমিকম্পের পর চীনের ভূমিকম্প প্রশাসন লেভেল-টু জরুরি প্রতিক্রিয়া শুরু করেছে। দুর্যোগ ব্যবস্থাপনা দল ও ভূমিকম্প বিশেষজ্ঞরা নাগকুর দুর্গম বসতিগুলোতে ক্ষয়ক্ষতি ও হতাহতের তথ্য যাচাই করছেন।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) ভূমিকম্পটির মাত্রা ৭.০ এবং গভীরতা ১৮ কিলোমিটার বলে জানিয়েছে। তবে চীনের সিইএনসি গভীরতা ১০ কিলোমিটার বলে উল্লেখ করেছে।

হিমালয় অঞ্চল ভূতাত্ত্বিকভাবে সক্রিয় এবং এখানে শক্তিশালী ভূমিকম্পের ঝুঁকি বেশি। এ কারণে কর্তৃপক্ষ আগামী কয়েক দিন পরিস্থিতি পর্যবেক্ষণ করবে বলে জানিয়েছে।

এর আগে এ অঞ্চলে মারাত্মক বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে। তাই ভূমিকম্পের পর অবকাঠামোগত ক্ষতি, ভূমিধস ও পরবর্তী ঝুঁকি মূল্যায়নে বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

ত/জু

ফেসবুকে যুক্ত থাকুন