হড়পা বানের জেরে বিপর্যস্ত নেপাল। সেখানে বাড়ছে মৃতের সংখ্যা। নিখোঁজ শতাধিক ভারতীয়-সহ অন্তত ৪০০ জন। নেপালে গিয়ে আটকে পড়েছেন রাজ্যের বহু পর্যটক।
নেপালে জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে অন্তত ১০০ জন আটকে রয়েছেন। তাঁদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে নেপাল সেনা। ইতিমধ্যেই ঘটনাস্থলে ২টি সেনা কপ্টার পাঠানো হয়েছে।
নেপাল সেনাবাহিনীর মুখপাত্র রাজা রাম বাসনেত সংবাদ সংস্থা এএফপি-কে বলেন, ‘যাঁরা আটকে রয়েছেন, তাঁদের খুঁজে বার করে উদ্ধার করাই আমাদের লক্ষ্য। ত্রিশূলি ৩এ জলবিদ্যুৎ প্রকল্পের একটি সুড়ঙ্গে বেশ কিছু মানুষ আটকে রয়েছেন। ইতিমধ্যেই ২টি হেলিকপ্টার পাঠানো হয়েছে ঘটনাস্থলে।’
কিন্তু এই উদ্ধারকাজে বেশ বেগ পেতে হচ্ছে নেপাল সেনাকে। সেনার তরফে জানানো হয়েছে, ২৬ আগস্ট হড়পা বানের জেরে যে ভয়াবহ বিপর্যয় ঘটেছে, তাতে সুড়ঙ্গের মুখই চিহ্নিত করা যাচ্ছে না। ঘটনাস্থলে ত্রাণও পাঠানো হয়েছে। যাঁরা সুড়ঙ্গে আটকে রয়েছেন, তাঁদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা গেলেই যাতে ত্রাণ পৌঁছে দেওয়া যায়।
প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জারি হওয়া বিবৃতিতে বলা হয়, ‘প্রতিকূল আবহাওয়া ও তীব্র জলস্রোতের মোকাবিলা করেই নেপালি সেনা সুড়ঙ্গে আটকে থাকা ৩৫০ জন শ্রমিক ও স্থানীয় বাসিন্দাকে উদ্ধার করেছে। তবে এখনও সুড়ঙ্গের ভিতরে আরও ১০০ জনের বেশি মানুষ আটকে রয়েছেন। তাঁদের নিরাপদে বের করে আনার জন্য সেনাবাহিনী নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।’



